অপরিশোধিত আকরিক সোনার ক্ষেত্রে আরোপিত কাস্টমস ডিউটি (সিডি) ৫ থেকে কমিয়ে আমদানি শুল্ক ১ শতাংশ করার দাবি জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এ ছাড়া এসব অলংকার বিক্রির ক্ষেত্রে ভ্যাটহার ৫ থেকে কমিয়ে ৩ শতাংশ করার দাবি জানিয়েছে সংগঠনটি। গতকাল মঙ্গলবার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে অবস্থিত বাজুস কার্যালয়ে আয়োজিত প্রাক-বাজেট সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বাজুস সভাপতি ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, সংগঠনের সহসভাপতি মো. রিপনুল হাসান, সহসম্পাদক সমিত ঘোষ অপু, স্টাডিং কমিটি অন ট্যারিফ অ্যান্ড ট্যাক্সেশনের সদস্য সচিব পবন কুমার আগরওয়াল উপস্থিত ছিলেন। বাজুসের উপদেষ্টা রুহুল আমিন রাসেলের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাজুসের সহসভাপতি আনোয়ার হোসেন।
সংবাদ সম্মেলনে দেশের সোনাশিল্প বিকাশে গোল্ড রিফাইনারি উদ্যোক্তাদের জন্য ১০ বছরের কর অবকাশ সুবিধা দেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি এই শিল্পে নতুন বিনিয়োগ আকর্ষণে কাঁচামাল আমদানিতে বিদ্যমান সর্বোচ্চ ৬০ শতাংশ শুল্ক কমিয়ে ব্যবসাবান্ধব করার প্রস্তাব করা হয়।
এ ছাড়া আকরিক সোনা আমদানিতে আংশিক পরিশোধিত সোনার ক্ষেত্রে বিদ্যমান ১০ শতাংশের পরিবর্তে শুল্কহার ৫ শতাংশ করলে স্থানীয়ভাবে সোনার বার ও হাতে তৈরি অলংকার প্রস্তুতে নতুন বিনিয়োগকারীরা উৎসাহিত হবেন বলে আশা প্রকাশ করা হয়। এ ছাড়া হীরাশিল্প বিকাশে কাটিং ও প্রক্রিয়াজাতকরণে প্রয়োজনীয় আমদানিকৃত রাফ ডায়মন্ডে সহনশীল শুল্ক হার নির্ধারণ করার দাবি জানিয়েছে বাজুস।
বাজুসের পক্ষ থেকে জানানো হয়, ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের ২০২২ সালের প্রতিবেদন মোতাবেক বিশ্ববাজারে সোনার চাহিদা ছিল ৪ হাজার ৭৪০ টন। এর মধ্যে সোনার অলংকারের চাহিদা ২ হাজার ১৮৯ দশমিক ৮ টন। বাংলাদেশের সোনার বার্ষিক চাহিদা প্রায় ৪০ টন। তবে প্রকৃত চাহিদা নিরূপণে সরকারের সমীক্ষা প্রয়োজন। বৈধভাবে সোনার চাহিদা পূরণ করার ক্ষেত্রে বড় বাধা কাঁচামালের উচ্চমূল্য, অতিরিক্ত উৎপাদন ব্যয়, শিল্পসংশ্লিষ্ট যন্ত্রপাতির উচ্চ আমদানি শুল্ক। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ প্রথম সোনা পরিশোধনাগার স্থাপন করতে যাচ্ছে।
বিশ্ববাজারে আর কিছুদিন পর রপ্তানি হবে ‘মেড ইন বাংলাদেশ’ সংবলিত সোনার বার, সোনাশিল্পকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যা আন্তর্জাতিক বাজারের পাশাপাশি স্থানীয় বাজারে বড় ভূমিকা পালন করবে। কিন্তু এ পরিশোধনাগারের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতির শুল্ক কর ৩০ থেকে ৬০ শতাংশ, যা অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। এ কারণে প্রাথমিক উৎপাদন ব্যয় অনেক বেশি। এতে বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি ৫ শতাংশ হারে উচ্চ ভ্যাটহার ও অতিরিক্ত উৎপাদন খরচের কারণে ভোক্তা পর্যায়ে আন্তর্জাতিক বাজারের চেয়ে দামের পার্থক্য হচ্ছে। এতে ক্রেতা হারাচ্ছেন জুয়েলারি ব্যবসায়ীরা। আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ছোট ছোট জুয়েলারি।
বাজুস মনে করে, বিশ্ববাজারে বাংলাদেশকে প্রতিযোগিতায় সক্ষম করতে জুয়েলারি খাতে আরোপিত আয়কর ও ভ্যাটহার কমানো এবং আর্থিক প্রণোদনা দিতে হবে। এতে যেমন সরকারের বৈদেশিক আয় আসবে, তেমনি বাড়বে রাজস্ব আয়। বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা আয়ের আরেকটি খাত তৈরি হবে।
সংবাদ সম্মেলনে বৈধ পথে মসৃণ হীরা আমদানিতে উৎসাহ জোগাতে ডায়মন্ড অলংকারে সর্বোচ্চ ৪০ শতাংশ মূল্য সংযোজন করার জন্য ব্যবসাবান্ধব শুল্ক হার নির্ধারণের দাবি জানিয়েছে বাজুস। এর বাইরে সোনার অলংকার প্রস্তুত করার উদ্দেশ্যে আমদানিকৃত কাঁচামাল ও মেশিনারিজের ক্ষেত্রে সব ধরনের শুল্ক কর অব্যাহতিসহ ১০ বছরের জন্য কর অবকাশ বা ট্যাক্স হলিডে প্রদানের প্রস্তাব দিয়েছে তারা।