ঘুষের ১০ লাখ টাকাসহ উপ-কর কমিশনার আটক

রাজশাহীতে কর কমিশনারের কার্যালয় থেকে ঘুষের ১০ লাখ টাকাসহ এক উপ-কর কমিশনারকে আটক করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে তাকে ওই টাকাসহ হাতেনাতে আটক করা হয়।

আটক উপ-কর কমিশনারের নাম মহিবুল ইসলাম ভূঁইয়া। উদ্ধার হওয়া ১০ লাখ টাকা তিনি ঘুষ হিসেবে একজন চিকিৎসকের কাছ থেকে গ্রহণ করেন বলে জানিয়েছে দুদক।

দুদকের রাজশাহী জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মনিরুজ্জামান জানান, একজন চিকিৎসকের কাছে ৬০ লাখ টাকা ঘুষ দাবি করেন কর কর্মকর্তা মহিবুল ইসলাম ভূঁইয়া। তার প্রথম কিস্তির ১০ লাখ টাকা গতকাল দেন ওই চিকিৎসক। আর ঘুষের এই টাকা লেনদেনের তথ্য আগেই জেনে যান দুদক কর্মকর্তারা। তারা গতকাল সকালে কর কার্যালয়ে গিয়ে অবস্থান নেন। টাকা গ্রহণের সময় দুদক কর্মকর্তারা মহিবুলকে হাতেনাতে আটক করেন। দুদক কর্মকর্তারা জানান, আটক উপ-কর কমিশনারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ঘটনায় একটি মামলা করা হবে।

এদিকে কর কার্যালয়ে অভিযানের সময় দুদক কর্মকর্তাদের ওপর চড়াও হন ওই দপ্তরের কর্মচারীরা। কর ভবনের উপ-কর কমিশনার মহিবুল ইসলাম ভূঁইয়ার কার্যালয়ে দুদক অভিযান চালাতে গেলে সেখানকার কর্মচারীরা দরজা ভেঙে বাধা দেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুদকের দলটি সকালে রাজশাহী সার্কেল-১৩-এর উপ-কর কমিশনার মহিবুল ইসলাম ভূঁইয়ার কার্যালয়ে ঢুকে তাকে জিজ্ঞাসাবাদ করছিল। একপর্যায়ে মহিবুল ইসলাম ভূঁইয়া চিৎকার-চেঁচামেচি শুরু করেন। তখন কর কার্যালয়ের কর্মচারীরা তার কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢুকে দুদকের টিমের ওপর চড়াও হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। কর ভবনে ছড়িয়ে পড়ে চরম উত্তেজনা। খবর পেয়ে রাজপাড়া থানা-পুলিশের একটি দল সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।