নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌর এলাকার চারটি গ্রামের তিন হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্র্তৃপক্ষ। গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী হাকিম মারুফা সুলতানা খান হীরামনির নেতৃত্বে এ অভিযানে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক মো. সুরুজ আলমসহ সোনারগাঁ থানা-পুলিশের একটি দল উপস্থিত ছিল।
অভিযানে প্রায় ছয় কিলোমিটার গ্যাসের পাইপলাইন উপড়ে ফেলা হয় এবং অবৈধ রাইজার ও রেগুলেটর জব্দ করা হয়। পৌরসভার নোয়াইল, হামছাদী ও বালুয়া দিঘীরপাড়সহ চারটি গ্রামের প্রায় তিন হাজার সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, প্রাথমিকভাবে সব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। কেউ যদি আবার এ সংযোগ দেওয়ার চেষ্টা করেন তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।