টিফিনের টাকা জমিয়ে ছিন্নমূল মানুষদের মাঝে ইফতার বিতরণ

বগুড়ার সান্তাহার রেলওয়ে স্টেশনে শিক্ষার্থীদের উদ্যোগে প্রায় শতাধিক ছিন্নমূল, গরিব, অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (০৬ এপ্রিল) ইফতারের আগে উপজেলার সান্তাহার জংশন স্টেশন প্লাটফর্ম ও আশপাশের শতাধিক নারী-পুরুষের মাঝে ইফতার সামগ্রী তুলে দেয় একদল শিক্ষার্থী।

ইফতার বিতরণের সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে আবরার শাহরিয়ার তানিম নামের এক শিক্ষার্থী বলেন, আমরা টিফিনের টাকা জমিয়ে সাথে আরও কিছু টাকা বাড়ি থেকে নিয়ে নিজেদের অর্থায়নে ২০/২৫ জন বন্ধু ছিন্নমূল মানুষের কথা ভেবে এ উদ্যোগটি গ্রহণ করি। কাজটি করতে পেরে আমাদের খুব ভালো লাগছে। ভবিষ্যতে এ ধরনের আরও উদ্যোগের মধ্য দিয়ে এসব মানুষের পাশে থাকতে চাই আমরা।

সামিউল নামের আরেক শিক্ষার্থী বলেন, আমরা সব বন্ধু ও সহপাঠীরা মিলে টাকা জমিয়ে ছিন্নমূল, গরিব, অসহায় প্রায় শতাধিক মানুষের মাঝে ইফতার বিরতণ করেছি। আমরা ভবিষ্যতে আরও মানুষের মাঝে ইফতার বিতরণ করতে চাই।

মানুষের সহযোগিতা নিয়ে কোনো রকম বেঁচে আছেন আমেনা (৭৩) নামের এক বৃদ্ধা। শিক্ষার্থীদের দেওয়া ইফতার সামগ্রী পেয়ে বিষণ্ণমুখে হাসি নিয়ে দোয়া করেন তাদের জন্য।