আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষে প্রিমিয়ার লিগের ফেরাটা সুখকর হলো না বসুন্ধরা কিংসের। তবে আরেক শীর্ষ দল আবাহনী লিমিটেড দ্বিতীয় পর্বের শুরুটা রাঙিয়েছে জয় দিয়েই।
শুক্রবার ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে টেবিলের তলানিতে থাকা আজমপুর ফুটবল ক্লাব উত্তরার বিপক্ষে ১-১ ড্র করেছে শীর্ষে থাকা বসুন্ধরা কিংস।
ম্যাচটির প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। দ্বিতীয়ার্ধে রবসন দি সিলভা রবিনিয়ো স্পট কিক থেকে কিংসদের এগিয়ে দেন। কিন্তু শেষ দিকে সাকিব বেপারির গোলে পয়েন্ট আদায় করে নেয় এএফসি উত্তরা।
চলতি লিগে টানা ১০ জয়ের পর এই প্রথম ড্র করল শিরোপাধারী বসুন্ধরা কিংস। তবে ৩১ পয়েন্ট নিয়ে এখনও শীর্ষে তাদের অবস্থান মজবুত। দ্বিতীয় স্থানে থাকা আবাহনীর চেয়ে এগিয়ে ৭ পয়েন্ট।
আবাহনী এদিন রাজশাহী জেলা স্টেডিয়ামে ফর্টিস একাডেমিকে ২-০ গোলে হারিয়েছে। দুটি গোলই তারা পেয়েছে বিদেশিদের কাছ থেকে। কোস্টারিকান তারকা দানিয়েল কলিনদ্রেস প্রথমে এগিয়ে দেন দলকে। পিটার এনওরাহ ব্যবধান দ্বিগুণ করেন।
দিনের আরেক ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির বিপক্ষে গোলশূন্য ড্র করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।