আদালত চত্বর থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় মূল সমন্বয়কের স্ত্রীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
গতকাল শুক্রবার রাতে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের শাখার অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কেএন রায় নিয়তি এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল রাত ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পলাতক অন্য জঙ্গিদের গ্রেপ্তারে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় অভিযান পরিচালনা করছিল সিটিটিসি। নাম প্রকাশ না করে পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা দেশ রূপান্তরকে জানান, আদালত চত্বর থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের মূল সমন্বয়ক জেল পলাতক জঙ্গি সোহেলের স্ত্রী শিখা ও তার আশ্রয়দাতাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নিয়ে পলাতক জঙ্গি গ্রেপ্তারে অভিযান চলছে।
উল্লেখ্য, গত বছরের ২০ নভেম্বর ঢাকার নিম্ন আদালত থেকে পুলিশের চোখে স্প্রে করে প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নিয়ে যায় জঙ্গিরা। ছিনিয়ে নেওয়া পলাতক দুই আসামি হলেন মইনুল হাসান শামীম ও আবু সিদ্দিক সোহেল। শামীমের বাড়ি সুনামগঞ্জের ছাতকের মাধবপুর গ্রামে। সোহেলের বাড়ি লালমনিরহাটের আদিতমারীর ভেটোশ্বর গ্রামে। তাদের ধরতে রাজধানীসহ সারা দেশে অভিযান চালায় পুলিশ। কিন্তু এখনো তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।