সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে গতকাল শনিবার ঢাকাসহ সারা দেশে উপজেলা ও থানা পর্যায়ে বিএনপির অবস্থান কর্মসূচিতে হামলা ও বাধা দিয়েছে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তারও করেছে পুলিশ। এ ছাড়া মাদারীপুরে ছাত্রলীগ বাধা দিলে সংঘর্ষ হয়। এতে আহত হয় ১৫ জন। অন্যদিকে লক্ষ্মীপুরে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয়।
এদিকে কর্মসূচিতে বাধা ও নেতাকর্মীদের গ্রেপ্তারের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল বিকেলে এক ইফতার মাহফিল-পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ভীতু। যারা জনগণের ভোটে নির্বাচিত নয় তারা কাওয়ার্ড (কাপুরুষ) সরকার। এ জন্যই তারা জনগণকে ভয় পায়। তারা জনগণকে দাঁড়াতে দেয় না। কথা বলতে দেয় না।’ রাজধানীর লেডিস ক্লাবে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (অ্যাব) উদ্যোগে আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে মির্জা ফখরুল বলেন, ‘ঢাকায় বিভিন্ন স্থান থেকে ৫০ জনের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। যশোরের শার্শায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। নেত্রকোনায় হামলা করেছে। এভাবে দেশের অন্যান্য জায়গায়ও হামলা করেছে।
ইফতার মাহফিলে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘তেজগাঁওয়ে অবস্থান কর্মসূচি পালন করতে গেলে পুলিশ বাধা দিয়েছে। আমাদের দাঁড়াতে দেয়নি। পুলিশের সঙ্গে আমাদের হা-ডু-ডু খেলতে হয়েছে।’
বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, ‘জাতীয় প্রেস ক্লাবের সামনে আমাদের অবস্থান কর্মসূচি ছিল। কিন্তু পুলিশ আমাদের কর্মসূচি পালন করতে দেয়নি। আমাদের সরিয়ে দিয়ে পুলিশ নিজেরাই অবস্থান কর্মসূচি পালন করেছে।’
অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অ্যাবের সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজুর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম মহাসচিব এ কে এম আসাদুজ্জামান চুন্নুর পরিচালনায় অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, অ্যাবের মহাসচিব আলমগীর হাছিন আহমেদ প্রমুখ।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রমনা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা রাজধানীর মৌচাক এলাকায় অবস্থান কর্মসূচি পালনকালে পুলিশ হামলা চালিয়ে রমনা থানা বিএনপির ১৯ নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুল মোতালেব রুবেলকে গ্রেপ্তার করে। সূত্রাপুর থানা এলাকায় বিএনপির কর্মসূচিতে পুলিশ ধোলাইখালে বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি এবং সূত্রাপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুল ইসলামের সঙ্গে বাগবিত-ার একপর্যায়ে যুবলীগের ক্যাডাররা হামলা চালিয়েছে। নিউমার্কেট থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বাটা সিগনাল মোড়ে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন অসীমের নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালন করে। এখান থেকে পুলিশ বিএনপি নেতা বাবু মিয়াসহ দুজনকে গ্রেপ্তার করে। যাত্রাবাড়ী ও ডেমরা এলাকার নেতাকর্মীরা আইডিয়াল স্কুলের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীর নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালনকালে কুতুব উদ্দীন ভূঁইয়া নামে বিএনপি কর্মীকে গ্রেপ্তার করে। বংশাল থানা বিএনপি পূর্বনির্ধারিত স্থানে পুলিশি অবস্থানের কারণে বিকল্প স্থানে কর্মসূিচ পালন করে। ওয়ারী থানা বিএনপির নেতাকর্মীরা কর্মসূচি পালনের জন্য নগর বিএনপির জ্যেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনসহ তার বাড়িতে জড়ো হলে বিপুলসংখ্যক পুলিশ গোপীবাগে সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বাড়িটি ঘেরাও করে রাখে। তবে অন্যান্য স্থানে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছেন নেতাকর্মীরা।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম ও সদস্য সচিব রফিকুল আলম মজনু দলের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশি হামলা, বাধা ও গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে অবিলম্বে গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি দাবি করেন। তারা সভা-সমাবেশ ও মতপ্রকাশের অধিকার খর্ব করার সরকারি প্রচেষ্টার তীব্র প্রতিবাদ জানান।
মাদারীপুরে সংঘর্ষ : মাদারীপুর জেলায় বিকেল সাড়ে ৩টায় ডাসার উপজেলায় ডাসার ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে উপজেলার কাঁঠালতলা বাজার এলাকায় কর্মসূচি শুরু হয়। এ সময় ডাসার বাজার আওয়ামী লীগের কার্যালয় থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা এসে বিএনপির কর্মসূচি বন্ধ করতে বলেন। আর এতেই ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের বাগ্্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা বিএনপির অবস্থান কর্মসূচিতে হামলা চালায়। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
লক্ষ্মীপুর : রামগঞ্জে পাল্টা কর্মসূচিতে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ এবং ১ পুলিশ সদস্যসহ উভয় পক্ষে ১৫ জন আহত হয়েছে। গতকাল বেলা ৩টায় রামগঞ্জ পৌর ৫ নম্বর ওয়ার্ড সাতারপাড়া চৌরাস্তায় এ হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।
নাটোরে বিএনপি নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির অবস্থান কর্মসূচিতে আসার সময় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল ব্যাপারীকে কুপিয়েছে দুর্বৃত্তরা। গতকাল দুপুরে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির কার্যালয় পাশে এ ঘটনাটি ঘটে। এ সময় তারা আবুল ব্যাপারীর মোটরসাইকেলটি ভাঙচুর করে। পরে স্থানীয়রা আহত আবুল ব্যাপারীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় বিএনপির নেতাকর্মীরা ছাত্রলীগকে দায়ী করেছেন। দুপুরের পর থেকে আলাইপুর এলাকাসহ শহরজুড়ে আওয়ামী লীগের মিছিল ও শান্তি সমাবেশ হওয়ার কারণে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত হয়নি।
সিলেটে মুক্তাদিরকে ধরে ৩ ঘণ্টা পর ছেড়ে দিল পুলিশ : পুলিশের বাধায় সিলেটে কেন্দ্রঘোষিত অবস্থান কর্মসূচি নির্ধারিত স্থানে করতে পারেনি বিএনপি। পরে স্থান পরিবর্তন করে তারা কর্মসূচি পালন করেছে। এদিকে দলীয় কর্মসূচিতে অংশ নিতে গতকাল বিকেলে ঢাকা থেকে সিলেটে এসেই গ্রেপ্তার হন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির। তবে গ্রেপ্তারের ৩ ঘণ্টার মধ্যেই তিনি থানা থেকে ছাড়া পেয়েছেন। পুলিশ জানিয়েছে, ২০১৮ সালের একটি মামলায় খন্দকার মুক্তাদিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গতকাল বিমানবন্দর এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে খন্দকার মুক্তাদির উচ্চ আদালতের জামিনের কাগজ উপস্থাপন করায় সন্ধ্যা ৬টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
সাভারে আ.লীগ ও পুলিশের বাধা : সাভারের কলমা এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশি বাঁধায় বিএনপির অবস্থান কর্মসূচি প- হয়ে গেছে। এ ঘটনায় বিএনপির পাঁচ নেতাকর্মী আহত হয়েছে।
বিএনপির নেতাকর্মীরা জানায়, দুপুরে সাভারের দুই নং কলমা এলাকায় সাভার উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে তেল গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করার লক্ষে নেতাকর্মীরা জড়ো হয়। খবর পেয়ে বিএনপি নেতাকর্মীদের পুলিশ আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের স্টেজ ভেঙে দিলে সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা কফিল উদ্দিনের নেতৃত্বে নেতাকর্মীরা স্থানীয় বিএনপি নেতা গোলাম মোস্তফার বাড়ির ভেতরে অবস্থান নেয়।
এসময় বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন এলাকা থেকে অবস্থান কর্মসূচিতে যোগ দিতে আসার সময় তাদের ওপর হামলা চালিয়ে ব্যাপক মারধর করে দুর্বৃত্তরা। এতে আহত হয় অন্তত পাঁচ জন। পরে অবস্থান কর্মসূচি পালন না করে নেতাকর্মীরা বাড়ি চলে যায়।
অন্যদিকে আশুলিয়ার জিরাবো এলাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, তেলের দাম বৃদ্ধি, গ্যাসের দাম বেড়েছে একদম অকারণে। বিদ্যুতের ক্রাইসিস, এটা তাদের (আওয়ামী লীগ) সৃষ্ট। এটার মধ্য দিয়ে তারা বহু কোটি টাকা বিদেশে পাচার করেছে, যার পরিমাণ প্রায় ১০ লাখ কোটি টাকা। এ কারণে আজ দেশের অর্থনীতির এই অবস্থা।