ঈদের শপিং শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফেরার সময় পিকআপচাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও একজন।
রবিবার (০৯ এপ্রিল) বড় দারোগারহাট এলাকার দায়িত্বে থাকা কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে শনিবার (০৮ এপ্রিল) রাত ১০টায় মহাসড়কের মীরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের জাফরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন সেলিম উদ্দিন (৩৮) ও তার ছেলে মিনহাজ উদ্দিন (১০)। তারা উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বড়কমলদহ গ্রামের উকিল বাড়ির বাসিন্দা। মিনহাজ উপজেলার বড়কমলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
আহত ব্যক্তি নোয়াখালীর সুবর্ণচর এলাকার রাহাত মিয়ার ছেলে নির্মল (২০)। তিনি ট্রাকের চালকের সহকারী।
জানা গেছে, শনিবার রাত সাড়ে ৯টায় বড় দারোগারহাট বাজার থেকে সেলিম উদ্দিন ও তার ছেলে ঈদের কেনাকাটা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় চট্টগ্রামমুখী তরমুজবাহী ট্রাক মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপকে ধাক্কা দেয়। পরবর্তীতে পিকআপটি বাবা-ছেলেকে চাপা দেয়। পরে তাদের আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে নির্মলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শাহাদাত হোসেন জানান, নিহতদের সুরতহাল শেষে মরদেহ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মিনি পিকআপ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন।