চাঞ্চল্যকর সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ চলছে। চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিন সাক্ষ্য নিচ্ছেন।
রোববার (৯ এপ্রিল) বেলা দেড়টার দিকে আদালতে গিয়ে দেখা যায়- মামলার বাদি মিতুর বাবা সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন সাক্ষ্য দিচ্ছেন। এ মামলার আসামি এহতেশামুল হক ওরফে হানিফুল হক ওরফে ভোলাইয়া সাক্ষ্য দেবেন বলে আদালত সূত্র নিশ্চিত করেছে।
এর আগে, বেলা ১১টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে কড়া নিরাপত্তায় মামলার প্রধান আসামি বাবুল আক্তারকে আদালতে তোলা হয়। এছাড়া ভোলাইয়াসহ মামলার আরও পাঁচ আসামিকেও আদালতে আনা হয়েছে।
আদালত সূত্র জানায়, গত ৩১ জানুয়ারি তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজকে চাঞ্চল্যকর মামলাটির বিচার সম্পন্নের নির্দেশ দিয়ে নথি পাঠান মহানগর দায়রা জজ জেবুন্নেছা বেগম। গত ১১ জানুয়ারি মিতু হত্যা মামলার নথিপত্র বিচারের জন্য প্রস্তুত করে মহানগর দায়রা জজ আদালতে পাঠান অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আব্দুল হালিম।
চাঞ্চল্যকর এ মামলায় ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সাতজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ১০ অক্টোবর আদালত অভিযোগপত্র গ্রহণ করেন। গত ১৩ মার্চ বাবুল আক্তারসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন আদালত।
অভিযোগপত্রে প্রধান আসামি করা হয়েছে বাবুল আক্তারকে। অভিযোগপত্রে আরও যাদের আসামি করা হয়েছে তারা হলেন- মো. কামরুল ইসলাম শিকদার মুসা, এহতেশামুল হক ওরফে হানিফুল হক ওরফে ভোলাইয়া, মো. মোতালেব মিয়া ওয়াসিম, মো. আনোয়ার হোসেন, মো. খাইরুল ইসলাম কালু এবং শাহজাহান মিয়া। এতে মুসা ও কালুকে পলাতক হিসেবে উল্লেখ করা হয়।
২০১৬ সালের ৫ জুন সকালে নগরের পাঁচলাইশ থানার ও আর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে বাসার অদূরে গুলি ও ছুরিকাঘাত করে খুন করা হয় মাহমুদা খানম মিতুকে।