গত শনিবার রাতে চট্টগ্রামের মিরসরাইয়ের বড় দারোগারহাট থেকে ঈদের পোশাক কিনে বাড়ির পথ ধরেছিলেন বাবা-ছেলে। কিন্তু শেষ পর্যন্ত বাড়ি ফেরা হয়নি তাদের। পথেই ট্রাকচাপায় ১০ বছরের ছেলে মিনহাজ উদ্দিনসহ নিহত হয়েছেন উপজেলার বড় কমলদহের সেলিম উদ্দিন (৩৮)। গতকাল রবিবার জেলার ফটিকছড়িতে ঈদের কেনাকাটা করতে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত হয়েছেন সোহেল নামের এক যুবক। এ ছাড়া জামালপুরের মেলান্দহে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন আরও তিনজন। ঢাকার ধামরাইয়ে ট্রাকচাপায় প্রাণ গেছে আরেক মোটরসাইকেল আরোহীর।
এদিকে গতকাল ভোররাতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন নাটোরের সিংড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস (৪৩)। আশঙ্কাজনক অবস্থায় তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
দেশ রূপান্তরের সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো তথ্যে বিস্তারিত:
মিরসরাইয়ে বাবা-ছেলে নিহত : শনিবার রাত সাড়ে ৯টার দিকে বড় দারোগারহাট বাজার থেকে ঈদের পোশাক কিনে হেঁটে বাড়ি ফিরছিলেন সেলিম উদ্দিন ও তার শিশুপুত্র মিনহাজ। এ সময় বাজারের উত্তর পাশে তরমুজবোঝাই চট্টগ্রামমুখী একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন তারা। কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মো. শাহাদাৎ হোসেন বলেন, নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ দুটি পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। ট্রাকটি জব্দ করে পুলিশ হেফাজতে নিলেও চালক গাড়ি রেখে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।
স্থানীয়রা জানান, সেলিম উদ্দিন পেশায় কেব্্ল নেটওয়ার্ক (ডিশ) ব্যবসায়ী ছিলেন। আর ছেলে মিনহাজ চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। গতকাল সকাল ৮টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়েছে।
ফটিকছড়িতে যুবক নিহত : চট্টগ্রামের ফটিকছড়িতে ঈদের কেনাকাটা করতে গিয়ে ট্রাকচাপায় মো. সোহেল (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার ফটিকছড়ি পৌরসভাধীন ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহেল ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড শৈলকূপা এলাকার আবুল বশরের ছেলে। এ ঘটনায় আরও দুই যুবক গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে তিন যুবক উপজেলার নারায়ণহাট থেকে বিবিরহাট বাজারে আসার পথে ফায়ার স্টেশন এলাকায় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি ড্রাম ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সোহেল।
জামালপুরে নিহত ৩ : জামালপুরের মেলান্দহে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শাহ্ আলম (৩৫), চঞ্চল বর্মণ (২৭) ও চালক কাজল (৩৫) নামে তিনজন নিহত হয়েছেন। তারা সবাই গ্রামীণফোনের বিভিন্ন বিভাগে কর্মরত ছিলেন। গতকাল সকাল ৬টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের বেতমারী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত শাহ্ আলম জামালপুর সদর উপজেলার বিয়ারা পলাশতলা এলাকার আব্দুল করিমের ছেলে। তিনি নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন গ্রামীণফোন কোম্পানিতে। চঞ্চল বর্মণ কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার নারিকেলবাড়ি এলাকার নারায়ণ চন্দ্র বর্মণের ছেলে ও গ্রামীণফোন কোম্পানির পাওয়ার টেকনিশিয়ান এবং কাজল জামালপুর সদর উপজেলার নান্দিনার শ্রীপুর এলাকার হানিফ উদ্দিনের ছেলে ও গ্রামীণফোন কোম্পানির গাড়িচালক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মেলান্দহ উপজেলার বেতমারী এলাকায় জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কে সকাল ৬টার দিকে দেওয়ানগঞ্জগামী লবণবাহী ট্রাক ও জামালপুরগামী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপ ভ্যানের চালকসহ তিনজনের মৃত্যু হয়। মেলান্দহ থানার ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, ‘সকালে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ট্রাক ও পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। ট্রাকের ড্রাইভার ও সহকারী পলাতক রয়েছেন।
ধামরাইয়ে মোটরসাইকেল আরোহী নিহত : ঢাকার ধামরাইয়ে মিল্ক ভিটার ট্রাকচাপায় ঘটনাস্থলেই চঞ্চল মোল্লা (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল দুপুরের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চঞ্চল মোল্লা ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের চর নারান্দিয়া এলাকার আবু সাইদের ছেলে।
দুপুরের দিকে চঞ্চল মৌল্লা ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলে ধামরাইয়ের বাথুলি এলাকায় পৌঁছালে তার বিপরীত দিক থেকে মিল্ক ভিটার ট্রাক সামনে আসায় চঞ্চল মোল্লা ওভারটেক করতে পারেনি। ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
গোলড়া হাইওয়ে থানার ওসি সুখেন্দু বসু বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি। নিহতের পকেটে থাকা আইডি কার্ড দেখে তার পরিচয় শনাক্ত করেছি। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। মিল্ক ভিটা দুধ বহনকারী ট্রাকটি জব্দ করা হয়েছে।
গুরুতর আহত মেয়র : নাটোরের সিংড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস (৪৩) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। রবিবার ভোররাতে নাটোর-বগুড়া মহাসড়কের খেজুরতলা এলাকায় থেমে থাকা ট্রাকের সঙ্গে মেয়রের গাড়ির ধাক্কা লাগলে গুরুতর আহত হন তিনি। এ সময় তার গাড়িচালক রমিজুল ইসলামও আহত হন।
সিংড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন জানান, গত মঙ্গলবার অফিসের কাজে পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস ঢাকায় যান। কাজ শেষে শনিবার রাতে নাইট কোচে নাটোরে আসেন। পরে নাটোর থেকে পৌরসভার গাড়িতে সিংড়ায় ফেরার পথে মহাসড়কের খেজুরতলা এলাকায় দাঁড়ানো একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস ও গাড়িচালক রমিজুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক মেয়রকে ভোররাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেকে) প্রেরণ করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জিনাত রেহানা বলেন, পৌর মেয়রের নাক-মুখে গুরুতর জখম রয়েছে। এ ছাড়া পায়েও আঘাত রয়েছে। তাই ভোরেই তাকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে।
সিংড়া থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আপাতত দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি হাইওয়ে পুলিশ জব্দ করেছে।