পুঁজিবাজারে তালিকাভুক্ত স্বল্প মূলধনি কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডকে পরিশোধিত মূলধন বাড়াতে সম্মতি দিয়েছে এসইসি। ৬ এপ্রিল কমিশন সভায় কোম্পানিটিকে নতুন করে ৩০ কোটি টাকা পরিশোধিত মূলধন বাড়ানোর অনুমতি দেওয়া হয়।
বর্তমানে লিগ্যাসি ফুটওয়্যারের পরিশোধিত মূলধনের পরিমাণ হচ্ছে ১৩ কোটি ৮ লাখ টাকা। ৩ কোটি নতুন শেয়ার ইস্যুর পর পরিশোধিত মূলধন বেড়ে দাঁড়াবে ৪৩ কোটি ৮ লাখ টাকায়। নতুন শেয়ার প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যে ইস্যু করবে কোম্পানিটি। নতুন শেয়ার ইস্যুর অর্থে ব্যাংকঋণ পরিশোধ করবে কোম্পানিটি।
এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. রেজাউল করিম দেশ রূপান্তরকে জানান, বিদেশি মালিকানাধীন দুটি প্রতিষ্ঠানের কাছে নতুন শেয়ারের ২৫ শতাংশ ইস্যু করা হবে। এর বাইরে বর্তমান উদ্যোক্তা-পরিচালক ও বিদ্যমান শেয়ারহোল্ডারদের কাছে অবশিষ্ট শেয়ার ইস্যু করা হবে। নতুন শেয়ার ইস্যুর মাধ্যমে সংগৃহীত অর্থ দিয়ে রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংকের ২৫ কোটি টাকার ঋণ পরিশোধ করবে কোম্পানিটি। অবশিষ্ট অর্থ চলতি মূলধন হিসেবে ব্যবহার করা হবে।
রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকে লিগ্যাসি ফুটওয়্যারের ২৫ কোটি ৩২ লাখ টাকার দীর্ঘমেয়াদি ঋণ রয়েছে। ঋণ পরিশোধে ব্যর্থতার কারণে কোম্পানিটির বিরুদ্ধে মামলা করেছে রূপালী ব্যাংক। নতুন শেয়ার ইস্যুর মাধ্যমে যে অর্থ আসবে, তা দিয়ে ব্যাংকটির পুরো ঋণ পরিশোধ করবে লিগ্যাসি ফুটওয়্যার। ২০২১-২২ হিসাববছরে ব্যাংকঋণের সুদবাবদ ১ কোটি ৯৫ লাখ টাকা পরিশোধ করতে হয় কোম্পানিটিকে। ফলে প্রশাসনিক, বিক্রি ও অন্যান্য খরচের পর লোকসানে পড়ে কোম্পানিটি।
এদিকে নতুন শেয়ার ইস্যুর সংবাদ আগেই প্রকাশ হয়ে যাওয়ায় গত মার্চ থেকেই লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়তে থাকে। গত ১ মার্চ থেকে গতকাল পর্যন্ত শেয়ারটির দর ১৫০ শতাংশ বেড়েছে। এ ক্ষেত্রে কারসাজির অভিযোগও রয়েছে।