পোশাকশ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড গঠন

দেশের রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি সমন্বয়ের জন্য নতুন মজুরি বোর্ড গঠন করেছে সরকার। ছয় সদস্যের এ বোর্ডে একজন বোর্ডপ্রধান ও একজন স্বতন্ত্র প্রতিনিধি, কারখানা মালিক, শ্রমিক, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন এবং সরকারের একজন করে প্রতিনিধি আছেন।

মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি সিরাজুল ইসলাম রনি জানান, আজ বা আগামীকালের মধ্যে নতুন বোর্ড গঠনের প্রজ্ঞাপন জারি করার কথা আছে শ্রম মন্ত্রণালয়ের।

তৈরি পোশাকশিল্পের মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান জানান, সংগঠনটির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান নতুন বোর্ডে কারখানা মালিকদের প্রতিনিধিত্ব করছেন। সর্বশেষ ২০১৮ সালে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরির সুপারিশ করে মজুরি বোর্ড।

সর্বশেষ মজুরি বৃদ্ধির পর গত সাড়ে তিন বছরে যে হারে পণ্যমূল্য বেড়েছে, তার সঙ্গে শ্রমিকরা কুলিয়ে উঠতে পারছেন না বলে জানিয়েছেন পোশাক কর্মীরা।

গত রবিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ বোর্ডের জন্য পোশাকশিল্প মালিক ও শ্রমিকদের প্রতিনিধি নিয়োগের ঘোষণা দিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান এবং বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনিকে যথাক্রমে মজুরি বোর্ডে মালিক ও শ্রমিক প্রতিনিধি নিয়োগ করা হয়েছে।

সর্বশেষ মজুরি বোর্ড ২০১৮ সালে পোশাকশ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা নির্ধারণ করেছিল। যাতে মূল বেতন ৪ হাজার ১০০, বাড়িভাড়া ২ হাজার ৫০, চিকিৎসাভাতা ৬০০, পরিবহনভাতা ৩৫০ এবং খাদ্যভাতা হিসেবে ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

নিত্যপণ্যের ক্রমবর্ধমান মূল্য এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনায় মজুরি বৃদ্ধির দাবিতে গত বছরের মাঝামাঝিতে রাজধানী এবং দেশের বিভিন্ন স্থানে পোশাকশ্রমিক এবং শ্রমিক অধিকার সংগঠনগুলো বিক্ষোভ করে। চলতি বছরের শুরুতে সাতটি অ্যাসোসিয়েশনের একটি প্ল্যাটফর্ম বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদও ন্যূনতম ২২ হাজার টাকা মাসিক মজুরিসহ একটি নতুন মজুরি বোর্ডের দাবি করেছিল।

এরই মধ্যে দেশের অন্যতম প্রভাবশালী শ্রমিক ফেডারেশনগুলোর প্ল্যাটফর্ম ইন্ডাস্ট্রি অল বাংলাদেশ কাউন্সিল সরকারের কাছে পোশাক খাতের শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি জানিয়ে দুই দফা চিঠি দিয়েছে। কাউন্সিলে প্রায় ১৮টি শ্রমিক ফেডারেশন অনুমোদিত।