ডয়চে ভেলেতে সাক্ষাৎকার দেওয়া নাফিজ গ্রেপ্তার

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলেতে র‌্যাবকে নিয়ে নির্মিত একটি তথ্যচিত্রে সাক্ষাৎকার দেওয়া যুবক নাফিজ মোহাম্মদ আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল ভোরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। এই সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার আব্দুল আহাদ জানিয়েছেন, অবৈধভাবে বিদেশি মদ ও বিয়ার বিক্রয়ের উদ্দেশে নিজ  হেফাজতে রেখেছিলেন নাফিজ মোহাম্মদ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিভিন্ন ব্র্যান্ডের ২৬টি বিদেশি মদের বোতল, ৩২টি কোলার ক্যান। এছাড়া একটি ল্যাপটপ, একটি আইফোন, একটি মোটরসাইকেল ও নগদ ৩০ হাজার টাকা। তার বিরুদ্ধে ভাটারা থানায় মামলা হয়েছে।

এদিকে, ডয়চে ভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘বাংলাদেশের “ডেথ স্কোয়াডের” ভেতরের কথা’ তথ্যচিত্রে সাক্ষাৎকার দেওয়া নাফিজ মোহাম্মদ আলমকে তার বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে গতকাল ভাটারা থানার পুলিশ তুলে নিয়ে যায়। ডয়চে ভেলেকে এ কথা জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক নাফিজ মোহাম্মদ আলমের এক বন্ধু।