চলছে গ্রীষ্মের মৌসুম। বাইরে বের হলেই কড়া রোদ আর গরম। এ ছাড়া মাত্রাতিরিক্ত দূষণ, মানসিক চাপ, পুষ্টির অভাব তো রয়েছেই। আবার অনেক সময় সঠিক পদ্ধতিতে চুলের যত্ন নিতে না পারার কারণেই মূলত চুল ঝরে থাকে।
প্রসাধনী বা ঔষধ ব্যবহার করে সাময়িক উপকার পাওয়া গেলেও কিছুদিন পর আবার যেই সেই। অনেকেই আছেন চুল পড়ার সমস্যা কমাতে ঘরোয়া উপায়ে ভরসা রাখেন। এ ক্ষেত্রে কয়েকটি প্যাক রয়েছে, যেগুলি ব্যবহার করলে চুল পড়ার সমস্যা কমবে।
নারকেলের দুধ এবং কলার প্যাক
চুলের যত্নে নারকেলের দুধ অনেক উপকারী। কলা আর নারকেল দুধের প্যাক চুল ঝরার সমস্যা থেকে দ্রুত মুক্তি দেয়। একটি পাকা কলা নিয়ে ভাল করে চটকে তার সঙ্গে আধা কাপ নারকেল দুধ মিশিয়ে মিক্সচারে করে একটি থকথকে মিশ্রণ বানিয়ে নিন। এ বার সেই মিশ্রণটি চুলের গোড়ায় ও ডগায় ভাল করে মেখে কিছুক্ষণ রেখে দিন। শুকিয়ে এলে শ্যাম্পু দিয়ে গোসল করে নিন।
অ্যালোভেরার প্যাক
শুধু ত্বক নয়, চুলের যত্নে অ্যালোভেরা দারুণ কার্যকরী। দূষণের হাত থেকে চুল বাঁচাতেও ভরসা রাখা যায় অ্যালোভেরার উপর। ৪-৫ চামচ অ্যালোভেরা জেলের সাথে কয়েক ফোঁটা অলিভ অয়েল, এক চামচ মধু, ক্যাস্টর অয়েল একসঙ্গে মিশিয়ে নিন। তার পর চুলের গোড়ায় ভাল করে লাগিয়ে রাখুন। ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। চুল পড়া কমবে সেই সঙ্গে বাড়বে উজ্জ্বলতা।
ডিম-মধুর প্যাক
চুল ঝরা আটকাতে ডিম এবং মধু দু’টোই দারুণ উপকরণ। ডিমে থাকা প্রোটিন চুলের অন্যতম পুষ্টি উপাদান। একটি পাত্রে দু’টি ডিম খুব ভালো করে ফাটিয়ে নিন। তাতে মেশান এক চামচ মধু। মিশ্রণটি চুলে, মাথার ত্বকে ভাল করে মেখে নিন। ১০ মিনিট মতো রাখুন। চুল ঝরার সমস্যা কমবে নিমেষেই।