বঙ্গবাজারের ক্ষতিগ্রস্তদের পাশে আপন জুয়েলার্স

রাজধানীর বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আপন জুয়েলার্সের মালিক গুলজার আহমেদ। আসন্ন ঈদুল ফিতরে পরিবারের সদস্যদের নিয়ে ঈদ-ভ্রমণের খরচের ২০ লাখ টাকা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অনুদান হিসেবে দিয়েছেন তিনি। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে অন্য ব্যবসায়ীদের প্রতিও আহ্বান জানান গুলজার আহমেদ।

গত সোমবার দুপুরে বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অনুদান কেন্দ্রে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিনের কাছে অনুদানের ২০ লাখ টাকার চেক হস্তান্তর করেন তিনি। এ সময় গুলজার আহমেদ বলেন, ‘এবারের ঈদে পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার খরচটাই ব্যবসায়ীদের দিয়েছি আমরা।’ তিনি আরও বলেন, ‘ব্যবসায়ীদের বিপদে অন্যরা না এলেও ব্যবসায়ীদের অন্তত এগিয়ে আসা উচিত।’