ড. ইমতিয়াজকে অব্যাহতি দিয়েছে ঢাবি প্রশাসন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের পরিচালক পদ থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদের স্থলে আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনকে সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদের লেখা ‘হিস্টোরাইজিং ১৯৭১ জেনোসাইড : স্টেট ভার্সেস পারসন’ বইয়ে মুক্তিযুদ্ধের ‘ইতিহাস বিকৃতি’র অভিযোগ এনে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানায় বিভিন্ন মহল।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান দেশ রূপান্তরকে বলেন, তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে ইতিহাস বিকৃতি অভিযোগ ওঠায় তাকে স্বপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।