ব্র্যাক ব্যাংকের নিট মুনাফা ৬০১ কোটি টাকা

২০২২ সালে ৬০১ কোটি টাকা নিট মুনাফা করেছে বেসরকারি ব্র্যাক ব্যাংক লিমিটেড। ২০২১ সালের তুলনায় ব্যাংকটির নিট মুনাফা ১০ শতাংশ বেড়েছে। ক্ষুদ্র ও মাঝারি খাতের ঋণে মনোযোগী এ ব্যাংকটি ২০২১ সালে নিট মুনাফা করেছিল ৫৪৬ কোটি টাকা। ২০২২ সালের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে ব্যাংকটি শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে, যার মধ্যে সাড়ে ৭ শতাংশ নগদ। গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

ব্র্যাক ব্যাংক জানিয়েছে, ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরে ব্যাংকটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৪ টাকা ২ পয়সা, যা আগের বছরে ছিল ৩ টাকা ৬৫ পয়সা। ২০২২ সাল শেষে ব্র্যাক ব্যাংকের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৪০ দশমিক ৮৬ টাকা।

লভ্যাংশ নির্ধারণী সভায় ব্যাংকটির  অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার কোটি টাকা মূলধন করার সিদ্ধান্ত নিয়েছে। ব্র্যাক ব্যাংক সংঘ স্মারকের ৬ নম্বর অনুচ্ছেদ সংশোধন করে অনুমোদিত মূলধন বাড়াতে পারবে। আগামী ৩১ মে বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ মে।