শ্রমিকদের জন্য বিশেষ এলাকায় ব্যাংক খোলা

ঈদুল ফিতরের ছুটি আগামী বৃহস্পতিবার থেকে। সরকারি নির্বাহী আদেশ অনুযায়ী দেশের সব বাণিজ্যিক ব্যাংক বন্ধ থাকবে সেদিন থেকে। কিন্তু কয়েকটি বিশেষ এলাকায় শ্রমিকদের কথা বিবেচনায় রেখে ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপন অনুযায়ী, তৈরি পোশাক শিল্প এলাকায় শ্রমিক-কর্মচারীর বেতন-বোনাসসহ অন্যান্য ভাতা পরিশোধ ও রপ্তানি বিল বিক্রয়ের সুবিধার্থে ঈদের আগে তিন দিন সীমিত পরিসরে শিল্প এলাকায় ব্যাংক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এতে বলা হয়, আসন্ন ঈদুল ফিতরের আগে তৈরি পোশাক শিল্প এলাকাসহ বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক রপ্তানি বিল বিক্রয় এবং শিল্পে কর্মরতদের বেতন-বোনাস-ভাতাদি পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ১৯, ২০ এবং ২১ এপ্রিল সরকারি ছুটির দিন সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে নির্দেশ দেওয়া হয়েছে।