বাংলা নববর্ষ উদযাপনে সব স্কুল-কলেজে শিক্ষার্থীদের নিয়ে আব্যশিকভাবে শোভাযাত্রা করার নির্দেশ দিয়েছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তর। তবে গতকাল বৃহস্পতিবার সে সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়েছে। মঙ্গল শোভাযাত্রা বাদ দিয়ে সব স্কুল-কলেজে নববর্ষ উদযাপনে নতুন নির্দেশনা দিয়েছে মাউশি অধিদপ্তর।
অধিদপ্তরের সহকারী পরিচালক রূপক রায় স্বাক্ষরিত আদেশে বলা হয়, নববর্ষ উদযাপন অনুষ্ঠান জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মাধ্যমে শুরু করতে হবে। অনুষ্ঠানে পবিত্র রমজানের পবিত্রতা ও ভাবগাম্ভীর্য রক্ষা করতে হবে। সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় রমজানের পবিত্রতা রক্ষা করে ও ধর্মীয় অনুভূতি বজায় রেখে যথাযথ আড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপন করতে হবে।
গত মঙ্গলবারের নির্দেশনায় বলা হয়েছিল, নববর্ষ উদযাপন অনুষ্ঠান আবশ্যিকভাবে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মাধ্যমে শুরু করতে হবে। সব শিক্ষাপ্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে ও যথাযথ আড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপন করবে। ইউনেস্কো কর্তৃক মঙ্গল শোভাযাত্রাকে অপরিমেয় বিশ্ব সংস্কৃতির তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টি গুরুত্ব সহকারে প্রচার করতে হবে। সকালে অবশ্যিকভাবে শিক্ষার্থীদের নিয়ে র্যালি করতে হবে।
আগের নির্দেশনায় আরও বলা হয়েছিল, সুবিধাজনক সময়ে নতুন কারিকুলামের সঙ্গে সমন্বয় করে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা পাঠ্যপুস্তকভিত্তিক ‘বৈচিত্রে ভরা বৈশাখ’ বিষয়ে সুনির্দিষ্ট কার্যক্রমে অংশ নেবে এবং বিষয়ভিত্তিক শিক্ষকরা এ কার্যক্রম মূল্যায়ন করবেন।