বরগুনার আমতলীতে ভূমি জরিপে অনিয়ম বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।
গতকাল শনিবার বেলা ১১টায় আমতলী সদর ইউনিয়নের আকন বাড়ি বাজারে মানববন্ধন করেন ভুক্তভোগী ৫২ নম্বর উত্তর টিয়াখালী মৌজার বাসিন্দারা। মানববন্ধনে বক্তব্য দেন, ইউপি সদস্য জালাল উদ্দিন খান, আলতাফ হোসেন হাওলাদার, মো. ফিরোজ, মো. ফেরদাউস আকন, আব্দুস সোবহান শরীফ, মো. দেলোয়ার আকন, মো. মাজেদ মৃধা, অধ্যাপক গাজী মো. রুহুল আমিন, আব্দুল মজিদ ফকির, আব্দুল খালেক হাওলাদার, মো. জহিরুল ইসলাম হাওলাদার প্রমুখ। মানববন্ধনে টিয়াখালী মৌজার পাঁচ শতাধিক ভূমিমালিকসহ ভুক্তভোগিরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার ৫২ নম্বর উত্তর টিয়াখালী মৌজায় সাবেক (এস এ) খতিয়ানগুলোতে ও ১টি দাগ হতে বর্তমান বিএস জরিপে বহু খতিয়ান ও দাগ তৈরি করা হয়েছে। এতে ভূমি মালিকদের অনেক সমস্যা তৈরি হয়েছে। তাতে খতিয়ান ও দাগে মূল মালিকদের ভূমি পূর্বের চেয়ে অনেক কম দেখা যায়। এর ফলেভূমির মালিকরা, জমির সঠিক হিসাব পাচ্ছেন না। বহু দাগ ও খতিয়ান সৃষ্টির কারণে ভূমি মালিকদের বহু হয়রানির শিকার হতে হচ্ছে। ভুক্তভোগিরা অবিলম্বে ভূমি জরিপের এ সব অনিয়ম বন্ধের দাবি জানান।
এ ব্যাপারে আমতলী সহকারী সেটেল্টমেন্ট অফিসার মো. রফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখব।