অগ্নিসন্ত্রাসের হোতা আওয়ামী লীগ : ফখরুল

নিউ মার্কেটসহ সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস আছে কি না তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যে নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন তার সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাসের হোতা। আসলে আওয়ামী লীগ ৭২-৭৫ সালেও তিন বছর দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছিল। তারা সেসময় একদলীয় বাকশাল কায়েম করেছিল। তারা অগ্নিসন্ত্রাসের হোতা। তারা বাংলাদশকে আবারও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়।’ গতকাল শনিবার রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) উদ্যোগে আয়োজিত দোয়া, ইফতার মাহফিল ও বার্ষিক সাধারণ সভাপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আজ বর্তমান প্রধানমন্ত্রী জোর করে ক্ষমতা দখল করেছেন। তারা আমাকে এবং বিএনপিকে সব সময় বলেন আমরা নাকি মিথ্যা কথা বলি। অথচ আজকেও তিনি দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। প্রধানমন্ত্রী বলে দিলেন যে এসব আগুন লাগার ঘটনায় বিএনপি জড়িত কি না তা খতিয়ে দেখতে হবে। তিনি তদন্তের আগেই বলে দিলেন। তার মানে তদন্তটা সেভাবেই করতে হবে। এভাবেই তারা বিএনপিকে টার্গেট করছে।’

তিনি বলেন, ‘এ সরকারের কাছে দেশ ও জনগণ নিরাপদ নয়। সরকারের ব্যর্থতায় একের পর অগ্নিকাণ্ড ঘটছে। অথচ সরকার অগ্নিকাণ্ডের ঘটনাগুলোর সঠিক তদন্ত না করে সব জায়গায় ষড়যন্ত্র দেখেন। তারা পূর্বের ন্যায় আবারও একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায়। দুর্নীতি ও সন্ত্রাসের মাধ্যমে রাষ্ট্রকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। এ থেকে মুক্তি পেতে প্রয়োজন জাতীয় ঐক্য।’

পেশাজীবী নেতাদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে সব দেশপ্রেমিক জনতাকে ফের ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। বিএনপি ঘোষিত ১০ দফার মাধ্যমে এই সরকারকে পদত্যাগে বাধ্য করাতে হবে। কেননা তারা রাষ্ট্রকে ভেঙে ফেলেছে, ধ্বংস করে ফেলেছে প্রায়।’

জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে ও ইফতার আয়োজন কমিটির আহ্বায়ক কাদের গণি চৌধুরী ও সদস্যসচিব ডা. একেএম মাসুদ আক্তার জীতুর পরিচালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক প্রোভিসি অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, সাবেক কেবিনেট সচিব এএসএম আব্দুল হালিম, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল হাই শিকদার প্রমুখ।

অগ্নিকাণ্ড রোধসহ জনহিতকর কাজে সরকারের আগ্রহ নেই : রাজধানীর নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডসহ ধারাবাহিকভাবে দেশের বড় বড় মার্কেট ও বিপণি বিতানগুলোয় অগ্নিকাণ্ড ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, ‘বর্তমান শাসকদলের উদাসীনতা, নির্লিপ্ততা ও জবাবদিহি হীনতার কারণে এ ধরনের মর্মস্পর্শী ঘটনার বারবার পুনরাবৃত্তি ঘটছে, যা কোনো ভাবেই কাম্য নয়। কয়েক দিনের মাথায় গতকাল শনিবার আবারও নিউ সুপার মার্কেটে আগুন লাগার ঘটনায় প্রমাণিত হয় যে, আওয়ামী লীগের অবৈধ সরকার কেবলমাত্র রাষ্ট্রক্ষমতা রক্ষা করতেই ব্যস্ত, অগ্নিকাণ্ড রোধসহ জনহিতকর কাজে তাদের কোনো আগ্রহ নেই।’ রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডসহ সব অগ্নিকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের কাছে জোর আহ্বান জানাই।’

নিউমার্কেটে বিএনপির প্রতিনিধি দল : বিকেলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভূঁইয়ার নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল নিউমার্কেটে যান। তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন, সান্তনা দেন। ভবিষ্যতে পাশে থাকার অঙ্গীকার করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, দক্ষিণ বিএনপির প্রথম সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, বিএনপি নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসিম।