শান্তর সেঞ্চুরিতে আবাহনীর জয়

আয়ারল্যান্ড সিরিজের শেষ টি-টোয়েন্টি থেকেই রান খড়ায় ভোগছিলেন নাজমুল হোসেন শান্ত। ঢাকা প্রিমিয়ার লিগেও পাচ্ছিলেন না রানের দেখা। অবশেষে হেসে উঠল তার ব্যাট। আবাহনীর ব্যাটে তিনি করেছেন শতক।

সাভারের বিকেএসপিতে সিটি ক্লাবকে ৫ উইকেটে হারানোর ম্যাচে শতক তুলে নিয়েছেন শান্ত। প্রথমে ব্যাট করতে নেমে স্পিনারদের ঘূর্ণিতে পড়ে ৩৯.২ ওভারে মাত্র ১৭২ রানে অলআউট হয় সিটি ক্লাব। লক্ষ্য তাড়ায় নেমে ১১২ বলে ১০২ রানের ইনিংস খেলেন শান্ত। ১১টি চার ও ৩টি ছক্কায় এ রান করেন তিনি।

এদিন স্পিনারদের ঘূর্ণিতে শুরুতে থেকে চাপে থাকা সিটি ক্লাবের হয়ে একমাত্র তৌফিক খান কিছুটা লড়াই করেছিলেন। ৫১ বলে খেলেন ৭৯ রানের ইনিংস। ৭টি চার ও ৬টি ছক্কায় এ রান করেন তিনি। আবাহনীর লেগ স্পিনার রিশাদ হোসেন পেয়েছেন ৪ উইকেট। তানভির ও মোসাদ্দেক নেন ২টি করে উইকেট।

লক্ষ্য তাড়ায় দলীয় ৭ রানের মধ্যেই দুই ওপেনারকে হারালে শান্ত ও মাহমুদুল হাসান জয়ের ১০৫ রানের জুটিতে জয়ের ভিত পেয়ে যায় আবাহনী। এরপর জয় আউট হলেও জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন শান্ত। ৮৯ বল বাকি থাকতেই জয় পায় তারা। সিটি ক্লাবের রবিউল হক পান ৪টি উইকেট।