মোংলায় দেশের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা, সুন্দরবনের প্রাণীরা গহিন বনে

দেশের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে মোংলায়। রবিবার মোংলায় ৪১.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে ৩৯ ও ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল মোংলাসহ সাগর ও সুন্দরবন উপকূলে। এমন পরিস্থিতি চলবে আগামী ২/৩দিন বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ মো. হারুন অর রশিদ বলেন, আগামী দুই তিন তীব্র তাপদাহ বিরাজ করবে।

এদিকে প্রচণ্ড তাপদাহে সুন্দরবনের বন্যপ্রাণীও ছায়া খুঁজছে। করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে থাকা কুমিরগুলো ছায়া জায়গা খুঁজে আশ্রয় নিয়েছে। এ ছাড়া করমজলে হর হামেশা যে সব প্রাণী দেখা যেত তা এখন আর তেমন একটা দেখা যাচ্ছে না। বিশেষ করে হরিণ, বানর ও গুইসাপ এসব প্রাণী বনের ভেতরে ছায়া-শীতল স্থানে আশ্রয় নিয়েছে।

করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বলেন, কুমির শীতল রক্তের প্রাণী। এদের নিজস্ব কোনো তাপ নেই। ওদের শরীরের ওপরে যে মাংসপিণ্ড দেখা যায়, তা দিয়ে রোদ থেকে তাপ গ্রহণ করে থাকে। কিন্তু তার একটা সীমা আছে। তাপমাত্রা অতিরিক্ত হলে তারা রোদ থেকে ছায়ায় চলে যায়। তাই করমজলের কুমিরগুলো প্যানের রোদ থেকে ছায়ায় অবস্থান নিয়েছে।

তিনি বলেন, এভাবে অতিরিক্ত তাপে বন্যপ্রাণীরা কষ্ট পাচ্ছে। বনে সব সময় হরিণ, বানর, গুইসাপ ও পাখি দেখা গেলেও তা এখন আর তীব্র তাপদাহে দেখা যাচ্ছে না। এসব প্রাণীগুলো বনের গহিনে লতাপাতা ও গুল্মের মধ্যে শীতল ছায়ায় আশ্রয় নিয়েছে।