মাধবপুর উপজেলায় যোগেশ চন্দ্র হাইস্কুলের প্রধান শিক্ষক ও গভর্নিং কমিটির সভাপতির বিরুদ্ধে মামলা করেছেন ওই স্কুলে আয়া পদে নিয়োগবঞ্চিত মাসুমা আক্তার।
গতকাল রবিবার হবিগঞ্জ নির্বাহী হাকিম-১ আদালতে স্কুলের গভর্নিং কমিটির সভাপতি নাছির উদ্দিন খান ও সাধারণ সম্পাদক (প্রধান শিক্ষক) নূরুল্লাহ ভূঁইয়ার বিরুদ্ধে মামলাটি করেন।
মামলায় মাসুমা উল্লেখ করেছেন, গত ১৪ এপ্রিল তাকে ও তার বাবা তাজুল ইসলামকে জগদীশপুর বাজার এলাকায় ওই দুজন মারধর করতে উদ্যত হন।
গত ২ এপ্রিল ওই স্কুলের আয়া পদে নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রথম হলে নিয়োগ বোর্ড তাকে নিয়োগ দেওয়ার জন্য সুপারিশও করে। কিন্তু প্রধান শিক্ষক নূরুল্লাহ ভূঁইয়া এবং গভর্নিং কমিটির সভাপতি নাছির উদ্দিন খান চাকরি পেতে হলে দুই লাখ টাকা ঘুষ দাবি করেন।
এ বিষয়ে গত ১৩ এপ্রিল ‘ঘুষ না দেওয়ায় প্রথম হয়েও চাকরি হলো না মাসুমার’ শিরোনামে দেশ রূপান্তরের প্রথম পাতায় সংবাদ ছাপা হলে তা সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।
মাসুমার আইনজীবী খয়রুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।