ইমামদের প্রধানমন্ত্রী

মসজিদে জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মসজিদে খুতবা পড়ার সময় জঙ্গিবাদ, মাদক, দুর্নীতি ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে কথা বলতে দেশের আলেম, ওলামা ও খতিবদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘দেশের মানুষ আলেম, ওলামা, খতিব ও ইমামদের শ্রদ্ধা করে। তাই আপনাদের কথাবার্তা বা আলাপ-আলোচনা তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ।’

প্রধানমন্ত্রী গতকাল সোমবার তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে চতুর্থ ধাপে দেশ জুড়ে ৫০টি মডেল মাদ্রাসা ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্ধোধনকালে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আপনারা যদি মসজিদে বয়ানের সময় নারীর প্রতি সহিংসতা দূরীকরণ, জঙ্গিবাদ, মিথ্যা গুজবের অপপ্রচার, গৃহকর্মীদের প্রতি অমানবিক আচরণ এবং দুর্নীতির বিরুদ্ধে বেশি বেশি আলোচনা করেন, জনগণ তা গ্রহণ করবে।’ শেখ হাসিনা বিশেষ করে জুমার নামাজের আগে খুতবা পাঠে এসব বিষয়গুলো আলোচনা করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রী আলেমদের ইসলামের মর্মবাণী সম্পর্কে খুতবা প্রচার করার আহ্বান জানিয়ে বলেন, কখনো কখনো স্বার্থান্বেষী মহল কোমল হৃদয়ের শিশুদের বিভ্রান্তির পথে নিয়ে যায়। তিনি বলেন, ‘ইসলাম যে শান্তির ধর্ম, এ শিশুদের তা সঠিকভাবে শেখানো হলে তারা অবশ্যই সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত হবে না।’ পাশাপাশি তিনি আলেম ও ওলামাসহ সব ধর্মপ্রাণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান যাতে কেউ পবিত্র ইসলামকে কলুষিত করতে না পারে।

সরকারপ্রধান বলেন, ‘বিভিন্ন উপায়ে আমাদের পবিত্র ধর্মকে অবমাননা করা চলবে না। আলেম, ওলামা ও ধর্মপ্রাণ মানুষকে বিষয়টির প্রতি দৃষ্টি রাখতে হবে।’ ইসলাম শান্তির ধর্ম উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদে লিপ্ত কিছু লোক এ শান্তির ধর্মের ভাবমূর্তি ক্ষুন্ন করছে।

তিনি বলেন, ‘কে ইসলামে বিশ্বাস করে আর কে করে না, আমরা তা বলতে পারি না। এটা খুবই দুঃখজনক যে মাঝে মাঝে আমরা দেখি, কিছু লোক অকারণে অন্য ধর্ম বা ইসলামের বিভিন্ন মাজহাবকে আঘাত করে। এটি ইসলামের শিক্ষা এবং নবীর আদর্শের সম্পূর্ণ পরিপন্থী। এ ধরনের মনোভাব কারও কাছ থেকে গ্রহণযোগ্য নয়। আল্লাহর ওপর বিশ্বাস হারাবেন না। আল্লাহ সবকিছুর বিচার করবেন; আমাদের এ বিশ্বাস নিয়েই চলতে হবে। আল্লাহ ঠিক করবেন কে বেহেশতে যাবে এবং কে দোজখে যাবে। শেষ বিচারের রায় মহান আল্লাহ দেবেন।’

নতুন ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনের মাধ্যমে প্রধানমন্ত্রী এ পর্যন্ত সারা দেশে ৯ হাজার ৪৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৫৬৪টির মধ্যে ২০০টি মসজিদ উদ্বোধন করলেন। বাসস