পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়া থেকে নেওয়া ঋণ চীনের মুদ্রা ইউয়ানের মাধ্যমে পরিশোধ করবে বাংলাদেশ। বার্তা সংস্থা রয়টার্স গতকাল সোমবার বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের এক পদস্থ কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
উত্তম কুমার কর্মকার নামের ওই কর্মকর্তা রয়টার্সকে বলেন, রাশিয়া চেয়েছে আমরা যেন রুবলের (রাশিয়ান মুদ্রা) মাধ্যমে ঋণ পরিশোধ করি। কিন্তু সেটা সম্ভব নয়। তাই আমরা চীনের মুদ্রা ইউয়ানে ঋণ পরিশোধে রাজি হয়েছি। ১২ দশমিক ৫৬ বিলিয়ন ডলারের প্রকল্পটি বাস্তবায়ন করছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক কোম্পানি রোসাটম। আর এ প্রকল্পের ৯০ শতাংশ অর্থায়নও করেছে রাশিয়া। এই অর্থ আগামী ২৮ বছরের মধ্যে পরিশোধ করতে হবে। অবশ্য ১০ বছরের গ্রেস পিরিয়ড পাবে বাংলাদেশ।
রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের প্রথমটির নির্মাণকাজ চলছে। পুরো প্রকল্প বাস্তবায়িত হলে এখান থেকে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটের প্রথমটি ২০২৪ ও ২০২৫ সালে দ্বিতীয়টি চালু হওয়ার কথা রয়েছে।