বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কমিটির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবসহ চার নেতার বিরুদ্ধে উপজেলা কমিটি গঠনে অর্থের বিনিময়ে পদ বাণিজ্যের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় বিএনপি। গত সোমবার রাতে কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক স¤পাদক বিলকিস জাহান শিরিন।
এর আগে গত বছরের ৮ জুন ৩১ সদস্যবিশিষ্ট বরগুনা জেলা আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় বিএনপি। মাত্র ১০ মাসের মধ্যেই আবার তা বিলুপ্ত ঘোষণা করা হলো।
জানা যায়, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুল আলম ফারুক মোল্লা, যুগ্ম আহ্বায়ক সালেহ ফারুক, তালিমুল ইসলাম পলাশ এবং প্রয়াত সদস্য সচিব তারিকুজ্জামান টিটুর বিরুদ্ধে মোটা অংকের টাকার বিনিময় উপজেলা কমিটির অনুমোদন দেওয়ার অভিযোগে দলীয় নেতাকর্মীরা বিক্ষোভ ও প্রতিবাদ সভা করে। পরে তদন্ত কমিটি গঠন করলে অভিযোগ প্রমাণিত হয়।