তিন দিনের মধ্যে তিন বিভাগে ঝড় বৃষ্টির সম্ভাবনা

দেশের চারটি জেলায় তীব্র ও অন্যান্য জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী তিন দিনের মধ্যে ঢাকাসহ তিনটি বিভাগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। ফলে তাপমাত্রা অনেকটাই কমে আসবে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল খুলনা বিভাগসহ ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজশাহী ও পাবনা জেলাগুলোর ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে। দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বইছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী তিন দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে দিনের তাপমাত্রা কমতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৪২ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া চুয়াডাঙ্গায় ৪০ দশমিক ৯, ঈশ্বরদীতে ৪০ দশমিক ২, দিনাজপুরে ৪০, কুমারখালীতে ৩৯ দশমিক ৬, যশোরে ৩৮ দশমিক ৬, সৈয়দপুরে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

অন্যদিকে টানা ১৪ দিন দাবদাহের পর দেশে বৃষ্টি শুরু হয়েছে। গত সোমবার রাতে সিলেটের কোম্পানীগঞ্জে বৃষ্টি হয়েছে। এতে স্বস্তি ফিরেছে ওই এলাকায়। তবে তাপমাত্রা না কমায় কমেনি গরম।

সারা দেশে ৪ এপ্রিল থেকে শুরু হওয়া তাপপ্রবাহ আরও দুদিন অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দুয়েকটি জায়গায় বৃষ্টিরও আভাস দিচ্ছে তারা।

এদিকে ঈদের দিন ও এর পরবর্তী সময়ে বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্তমান তাপমাত্রার প্রভাব ঈদের সময়ও থাকবে। তবে তাপমাত্রা অনেকটাই কমে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।