ময়মনসিংহের নান্দাইলে মাইক্রোবাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশাযাত্রী শাশুড়ি ও পুত্রবধূ নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছে অটোরিকশাটির যাত্রী এক শিশু। গত সোমবার সন্ধ্যায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের অরণ্যপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে গত সোমবার রাত ৯টা থেকে গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত সময়ে দেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় আরও তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন কয়েকজন।
নান্দাইলে নিহতরা হলেন উপজেলার অরণ্যপাশা পূর্বপাড়া এলাকার আবদুল হেকিমের স্ত্রী জহুরা খাতুন (৫৫) ও তার ছেলে উজ্জ্বল মিয়ার স্ত্রী বৃষ্টি আক্তার (২৪)। আহত শিশু নিহত বৃষ্টি আক্তারের সন্তান।
হাইওয়ে পুলিশ জানায়, গত সোমবার সন্ধ্যার দিকে ময়মনসিংহগামী একটি অটোরিকশাকে দ্রুতগতির একটি মাইক্রোবাস পেছন থেকে ধাক্কা দেয়।
এতে অটোরিকশা থেকে দুই নারী ও এক শিশু ছিটকে রাস্তায় পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে দুই নারীর মৃত্যু হয়। গুরুতর আহত শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নান্দাইল হাইওয়ে থানার (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘মাইক্রোবাস পেছন থেকে অটোরিকশাকে ধাক্কা দিয়ে দ্রুতগতিতে পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
আদমদীঘিতে পুলিশ ভ্যানের ধাক্কায় নিহত ১ : বগুড়ার আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও এক বীর মুক্তিযোদ্ধা আহত হয়েছেন। গতকাল বিকেলে বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি হাসপাতালের অদূরে পুলিশের আসামি বহনকারী পিকআপের ধাক্কায় আবদুল জলিল (৫২) নামে ওই ব্যক্তি নিহত এবং মোটরসাইকেলের চালক বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী (৭০) গুরুতর আহত হন। নিহত আবদুল জলিল আদমদীঘি উপজেলার শিয়ালশন গ্রামের তছির উদ্দিনের ছেলে। আহত বীর মুক্তিযোদ্ধাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার শিবপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী তার সম্মানী ভাতা ব্যাংক থেকে তোলার পর বাজার করে মোটরসাইকেলে আবদুল জলিলকে তুলে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে আদমদীঘি হাসপাতালের অদূরে বিপরীত দিক থেকে আসা বগুড়া থেকে নওগাঁগামী আসামি বহনকারী পুলিশের পিকআপ ভ্যান ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী বীর মুক্তিযোদ্ধা ও আবদুল জলিল সড়কে পড়ে গুরুতর আহত হন। তাদের প্রথমে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে আবদুল জলিলকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আদমদীঘি থানার পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান বলেন, ‘পুলিশের আসামি বহনের ভ্যানগাড়ির সঙ্গে এ দুর্ঘটনা ঘটেছে কি না তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্ত করে বলা যাবে।’
নীলফামারীতে পৌর কাউন্সিলর নিহত : মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সড়কে তিন পথচারীকে দুর্ঘটনা থেকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন নীলফামারীর ডোমার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুবেল ইসলাম (৩৫)। গত সোমবার রাত ৯টার দিকে ডোমার-জলঢাকা সড়কের সুলেমানের চৌপথী তিনবট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত হন মোটরসাইকেল আরোহী দুলাল হোসেন। নিহত রুবেল ইসলাম ডোমার পৌর এলাকার চিকনমাটি পূর্ব ধনীপাড়া এলাকার মৃত বাবলু ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী দুলাল হোসেন বলেন, ‘কাউন্সিলর রুবেলসহ গত সোমবার দুপুরে তার অসুস্থ শাশুড়িকে দেখার জন্য রংপুর মেডিকেলে যাই। সেখান থেকে ফেরার পথে ডোমার-জলঢাকা সড়কের সুলেমানের চৌপথী তিনবট বাজারে পৌঁছালে হঠাৎ তিনটি ছেলে মোটরসাইকেলের সামনে এসে পড়ে। তাদের দুর্ঘটনা থেকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অন্যদিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে মৃত্যু হয় রুবেলের।’
নেত্রকোনায় আনসার সদস্য নিহত : নেত্রকোনার মদন উপজেলায় সড়কে দাঁড়ানো কাভার্ড ভ্যানের খোলা দরজার সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় শিহাব উদ্দিন খান (৪৫) নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন। এতে মোটরসাইকেলের আরোহী মাহবুবুর রহমান কেষ্টু (৫০) গুরুতর আহত হন। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। নিহত শিহাব উদ্দিন নেত্রকোনা পূর্বধলা উপজেলার খালিশাপুর গ্রামের শমশের উদ্দিন খানের ছেলে। তিনি পূর্বধলার একটি ইউনিয়নের আনসার কমান্ডার পদে ছিলেন। আর আহত মাহবুবুর রহমান কেষ্টু বিএনপির খালিয়াজুরী উপজেলা শাখার এক নম্বর যুগ্ম আহ্বায়ক।
প্রতিবেদনটি সংশ্লিষ্ট জেলা ও উপজেলার প্রতিনিধিদের পাঠানো তথ্যে তৈরি