তেল আবিব হাইফা উড়িয়ে দেওয়ার হুমকি ইরানের

ইরানের বিরুদ্ধে ইসরায়েল সরাসরি কোনো সামরিক পদক্ষেপ নিলে তেল আবিব, হাইফা উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। গত মঙ্গলবার ইরানের জাতীয় সেনা দিবসের অনুষ্ঠানে প্রেসিডেন্ট রাইসি এমন হুঁশিয়ারি দেন। ইসরায়েলকে হুমকি দিয়ে রাইসি বলেছেন, ‘শত্রুরা, বিশেষ করে ইহুদিবাদীরা, বুঝতে পেরেছে ইরানের বিরুদ্ধে ছোট কোনো হামলা হলেও কঠোর জবাব দেওয়া হবে এবং হাইফা-তেল আবিব ধ্বংস হয়ে যাবে।’ সাম্প্রতিক সময়ে ইরানের সামরিক, পারমাণবিক অবকাঠামো ও বিজ্ঞানীদের লক্ষ্য করে একাধিকবার হামলার ঘটনা ঘটেছে।

এসব হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে তেহরান। ইসরায়েল দাবি করে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কাজ করছে, কিন্তু ইরান তা অস্বীকার করে আসছে। দুই দেশই সিরিয়া, লেবাননে প্রক্সি যুদ্ধে লিপ্ত। গত সোমবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন চীনের প্রতি আহ্বান জানান, ইরানের প্রতি বেইজিংয়ের যে প্রভাব আছে, সেটি ব্যবহার করে যেন তেহরানকে পারমাণবিক কার্যক্রম বন্ধ রাখার ব্যবস্থা করে তারা। আর নয়তো ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে ইসরায়েল। তার এমন মন্তব্যের পরই রাইসি এমন কড়া ভাষায় হুমকি দিলেন।