হুন্ডিতে ৫০ কোটি পাচারের অভিযোগে দুজন গ্রেপ্তার

অবৈধ হুন্ডি ব্যবসার মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল বুধবার ভোরে নোয়াখালী জেলার চাটখিল থানাধীন দক্ষিণ রেজ্জাকপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) একটি দল। তারা হলো শাহাদাৎ হোসেন ও বলাই চন্দ্র দাস। গতকাল রাতে সিআইডির সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সিআইডি বলছে, গ্রেপ্তারকৃতরা কয়েকটি প্রতিষ্ঠানের আড়ালে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) এজেন্টশিপ নিয়ে হুন্ডি পরিচালনা করেছে। তারা গত তিন বছরে বিকাশের মাধ্যমে প্রায় অর্ধশত কোটি টাকা বিদেশে পাচার করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদের গ্রেপ্তার শাহাদাতের চাচা কাতার প্রবাসী মনোয়ার, সৌদি প্রবাসী মিজান, হংকং প্রবাসী মমিনসহ বেশ কিছু প্রবাসী বিদেশ থেকে রেমিট্যান্স সংগ্রহ করে নিজেদের কাছে রাখে। পরে হোয়াটসঅ্যাপ ও ইমোর মাধ্যমে শাহাদাৎকে বিকাশে ক্যাশ-ইন করার জন্য নাম্বার পাঠায়। এরপর বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান শাহাদাতের বিভিন্ন ব্যাংক হিসাবে টাকা জমা প্রদান করে। শাহাদাৎ ব্যাংকে জমা হওয়া টাকা উত্তোলন করে বিকাশ থেকে এজেন্ট নাম্বারের ই-মানি সংগ্রহ করে। গ্রেপ্তার দুজন বিদেশে থাকা ব্যক্তিদের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের বিভিন্ন এলাকায় অবস্থানরত প্রবাসীদের আত্মীয়র বিকাশ নাম্বারে এ টাকা পাঠায়। এভাবে চক্রটি দীর্ঘদিন ধরে বাংলাদেশে রেমিট্যান্স না এনে বিদেশে অর্থ পাচার করছে।