পিরোজপুরের ভান্ডারিয়ায় স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টি-জেপি (মঞ্জু) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এবং ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলামের সমর্থকদের মধ্যে গত ১৭ এপ্রিল সংঘর্ষের ঘটনার প্রতিবাদ জানিয়েছে উপজেলা আওয়ামী লীগ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু অভিযোগ করেন, আওয়ামী লীগের অন্যতম শরিক দল জেপির রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিএনপির কেন্দ্রীয় কমিটির এক নেতার ভাই আতিকুল ইসলাম উজ্জ্বল স্থানীয় আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচারে লিপ্ত হয়েছে। গত ১৭ এপ্রিল উপজেলার জুনিয়া গ্রামে বিএনপির এক নেতার বাড়ির সামনে জেপির নেতাকর্মীদের নিয়ে ইফতার মাহফিলে অংশ নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দেন।
এ সময় স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এর প্রতিবাদ জানালে দুপক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এর জেরে ওইদিন রাতে উজ্জ্বলের নেতৃত্বে ৪০-৫০ জনের একটি দল আওয়ামী লীগের একটি শাখা কার্যালয় ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলামের বাসভবনে হামলা চালায়। এ ঘটনার সুষ্ঠু বিচার না হলে ঈদের পর কঠোর কর্মসূচি দেওয়া হবে।