স্বাভাবিক প্রবৃদ্ধিতে ফিরেছে বিএসআরএম গ্রুপ

আন্তর্জাতিক বাজারে কাঁচামালের উচ্চমূল্য ও মার্কিন ডলারের বিপরীতে টাকার বড় অঙ্কের অবমূল্যায়নে দেশের ইস্পাত ও ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো ২০২২ সালে ক্ষতির মুখে পড়ে। এরমধ্যে বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো হয় লোকসানে পড়ে কিংবা নিট মুনাফা অস্বাভাবিক হারে কমে যায়। তবে চলতি বছরের শুরুতে সংকট কাটিয়ে অনেক কোম্পানি স্বাভাবিক প্রবৃদ্ধিতে ফিরতে শুরু করেছে। এরমধ্যে শীর্ষস্থানীয় ইস্পাত কোম্পানি বিএসআরএম গ্রুপের তালিকাভুক্ত দুই কোম্পানি বিএসআরএম স্টিল ও বিএসআরএম স্টিল রি-রোলিং মিলস লিমিটেড চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) মুনাফার প্রবৃদ্ধিতে ফিরেছে।

পর্যালোচনায় দেখা গেছে, বিদেশি মুদ্রার লেনদেনে বড় ধরনের লোকসানের পরও চলতি ২০২২-২৩ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠান বিএসআরএম স্টিল ও বিএসআরএম স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের নিট মুনাফা ৮ থেকে ৩৭ শতাংশ পর্যন্ত বেড়েছে। তবে প্রথম দুই প্রান্তিকে ক্ষতির কারণে হিসাব বছরের ৯ মাসে (জুলাই-মার্চ) কোম্পানিগুলোর নিট মুনাফা আগের তুলনায় অনেক কমেছে। নিট মুনাফা কমে যাওয়ার বড় কারণ হচ্ছে বিদেশি মুদ্রার লেনদেনে ব্যাপক লোকসান। 

এ বিষয়ে বিএসআরএম গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক তপন সেনগুপ্ত দেশ রূপান্তরকে বলেন, পণ্য বিক্রি বাড়ার পাশাপাশি উৎপাদন ব্যয় কিছুটা কমেছে। তৃতীয় প্রান্তিকে মুনাফার প্রবৃদ্ধিতে ফিরে আসার এটিই প্রধান কারণ। তবে বিদেশি মুদ্রার লেনদেনে ব্যাপক লোকসান দিতে হচ্ছে। এটি না থাকলে মুনাফা আরও বাড়ত।

চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে বিএসআরএম গ্রুপের তালিকাভুক্ত কোম্পানি বিএসআরএম স্টিল রি-রোলিং মিলসের আয় বেড়েছে ৬৫ দশমিক ৫ শতাংশ। এ সময় ইস্পাত পণ্য বিক্রি থেকে কোম্পানিটির আয় হয়েছে ৩ হাজার ৯২৩ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ২ হাজার ৩৭০ কোটি টাকা। আন্তর্জাতিক বাজারে ইস্পাতের কাঁচামালের দর কিছুটা কমায় চলতি তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির উৎপাদন ব্যয়ও কিছুটা কমেছে। ২০২১-২২ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে এ কোম্পানির পণ্য বিক্রিতে উৎপাদন ব্যয় ছিল ৯৩ শতাংশ, যা চলতি হিসাব বছরের একই সময়ে ৯০ শতাংশে নেমে এসেছে।  

উৎপাদন ব্যয় সমন্বয়ের পর চলতি তৃতীয় প্রান্তিকে বিএসআরএম স্টিল রি-রোলিং মিলসের মোট আয় দাঁড়িয়েছে ৩৭৭ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের চেয়ে ১২৮ শতাংশ বেশি। প্রশাসনিক, বিক্রয় ও বিতরণ ব্যয় শেষে তৃতীয় প্রান্তিকে পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ৩২৯ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের চেয়ে ১৪৮ শতাংশ বেশি। তবে পরিচালন আয় বাড়লেও বিদেশি মুদ্রার লেনদেনে বিপুল পরিমাণের লোকসান গুনতে হচ্ছে। চলতি তৃতীয় প্রান্তিকে কোম্পানির আর্থিক ব্যয় দাঁড়িয়েছে ১৭৫ কোটি টাকা, যার ৮০ শতাংশের বেশি ব্যয় হচ্ছে বিদেশি মুদ্রার লেনদেনে। আগের বছরের একই সময়ে আর্থিক ব্যয় ছিল মাত্র ৬ কোটি টাকা। কর পরিশোধের পর তৃতীয় প্রান্তিকে নিট মুনাফা হয়েছে ১৫৯ কোটি ৯১ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১১৮ কোটি টাকা।

এক বছরের ব্যবধানে মার্কিন ডলারের বিপরীতে টাকার প্রায় ২৫ শতাংশ অবমূল্যায়নের কারণে বিদেশি মুদ্রার লেনদেনে কোম্পানিগুলোকে অস্বাভাবিক ব্যয় করতে হচ্ছে। চলতি হিসাব বছরের ৯ মাসে বিদেশি মুদ্রার লেনদেনে বিএসআরএম স্টিল রি-রোলিং মিলসকে ৩৫০ কোটি টাকারও বেশি লোকসান গুনতে হয়েছে। এই লোকসানের কারণে ৯ মাসের হিসাবে কোম্পানিটির নিট মুনাফা আগের বছরের একই সময়ের চেয়ে ৮৬ শতাংশ কমে গেছে। যদিও পণ্য বিক্রি থেকে কোম্পানির আয় বেড়েছে। 

প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের ৯ মাসে (জুলাই-মার্চ) বিএসআরএম স্টিল রি-রোলিং মিলসের সমন্বিত আয় হয়েছে ৮ হাজার ২৯১ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫ হাজার ৮২৯ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির সমন্বিত আয় বেড়েছে ২ হাজার ৪৬২ কোটি টাকা বা ৪২ শতাংশ। কোম্পানিটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ৪৯ কোটি ৫০ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৫৮ কোটি ৫৫ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ৩০৯ কোটি টাকা।

চলতি তৃতীয় প্রান্তিকে বিএসআরএম গ্রুপের অপর কোম্পানি বিএসআরএম স্টিলসের পণ্য বিক্রি থেকে আয় হয়েছে ২ হাজার ৭৬২ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের চেয়ে ২৮ শতাংশ বেশি। উৎপাদন ব্যয় সমন্বয়ের পর চলতি তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির মোট আয় দাঁড়িয়েছে ২৪১ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের চেয়ে ২৭ শতাংশ বেশি। প্রশাসনিক, বিক্রয় ও বিতরণ ব্যয় শেষে তৃতীয় প্রান্তিকে পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ২১২ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৪৬ শতাংশ বেশি। চলতি তৃতীয় প্রান্তিকে কোম্পানির আর্থিক ব্যয় দাঁড়িয়েছে ৭৮ কোটি টাকা, যার ৮০ শতাংশের বেশি ব্যয় হচ্ছে বিদেশি মুদ্রার লেনদেনে। আগের বছরের একই সময়ে আর্থিক ব্যয় ছিল মাত্র ১৮ কোটি টাকা। কর পরিশোধের পর চলতি তৃতীয় প্রান্তিকে বিএসআরএম স্টিলের নিট মুনাফা দাঁড়িয়েছে ১২১ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল প্রায় ১০৩ কোটি টাকা।

তবে তৃতীয় প্রান্তিকে ভালো মুনাফা করলেও হিসাব বছরের ৯ মাসের হিসাবে কোম্পানির মুনাফা কমেছে। প্রথম দুই প্রান্তিকের ক্ষতি সমন্বয়ের কারণে মুনাফা কমে গেছে। যদিও চলতি হিসাব বছরের ৯ মাসে বিএসআরএম স্টিলসের পণ্য বিক্রি থেকে আয় ২৮ শতাংশ বেড়েছে। কিন্তু ২৬৬ কোটি টাকা আর্থিক ব্যয়ের কারণে নিট মুনাফা আগের বছরের তুলনায় ৭২ শতাংশ কমে গেছে। চলতি হিসাব বছরের ৯ মাসে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ৯৮ কোটি ৬৪ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩৫৫ কোটি টাকা।