অজ্ঞাত গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অজ্ঞাত গাড়িচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার বিকেলে মহাসড়কের কালিহাতী উপজেলার কামাক্ষা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহীর নাম মো. বদিউজ্জামান। তিনি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ওমর মসজিদ গ্রামের আহম্মদ আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বঙ্গসেতু পূর্ব থানার এসআই আব্দুর রাজ্জাক বলেন, মোটরসাইকেল আরোহী ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন। অপর দিকে অজ্ঞাত এক গাড়ি ঢাকার দিকে যাওয়ার সময় ঘটনাস্থলে পৌঁছলে মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন। খবর পাওয়ার পর লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারকে সংবাদ দেওয়া হয়েছে। তারা আসলে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।