রোহিঙ্গা ক্যাম্পে ঘরে ঢুকে নারীকে গুলি করে হত্যা

কক্সবাজারের টেকনাফ উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে ঘরে ঢুকে গুলি করে এক নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম জমিলা বেগম। তিনি ক্যাম্পের  মোহাম্মদ হোসেনের স্ত্রী। এ সময় তার বোন নারী নেত্রী মনিরা বেগম ও ভাগনি নূর ফাতেমা গুলিবিদ্ধ হয়েছেন। তাদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার ভোর রাতে উপজেলার নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। আর্মড পুলিশ ব্যাটালিয়ন ১৬ এপিবিএন এর পুলিশ সুপার জামাল পাশা জানান, সালমান শাহ গ্রুপের ১২ থেকে ১৫ জন সশস্ত্র সন্ত্রাসী মনিরার ঘরে গিয়ে গুলি চালায়। এতে হতাহতের ঘটনা ঘটে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলছে।

কক্সবাজার জেলা পুলিশের তথ্য বলছে, ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে ১২৯টি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।