কুড়িগ্রামের ফুলবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে দিনে দুপুরে এক ব্যক্তির পাঁচ শতাধিক কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর গোরকমন্ডল গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলার নাওডাঙ্গা গ্রামের মজিবর রহমানের ছেলে শফিকুল ইসলাম পৈতৃক সূত্রে চর গোরকমন্ডল গ্রামে ৫৪ শতক জমি রয়েছে ভোগদখল করে আসছেন। এ বছর তিনি ওই জমিতে ভুট্টা ও কলার চাষ করেছেন।
সোমবার সকাল ১০টার দিকে শফিকুল ইসলাম শ্রমিক দিয়ে ক্ষেতের পাকা ভুট্টা তুলে বাড়িতে নিয়ে আসেন। তিনি বাড়িতে আসার পরপরই দুর্বৃত্তরা তার জমির প্রায় সাড়ে ৫০০ কলাগাছ কেটে ফেলে।
ক্ষতিগ্রস্ত শফিকুল ইসলাম বলেন, একই দাগে মোট ১৮৩ শতক জমি রয়েছে। যার মধ্যে ১২৯ শতক রেকর্ড হয়েছে ওই এলাকার মৃত ইজ্জত আলীর ছেলে আব্দুল হামিদসহ অন্যদের নামে। আর ৫৪ শতক রেকর্ড হয়েছে আমার বাবার নামে। দীর্ঘদিন থেকে আব্দুল হামিদ ও তার ভাইয়েরা জমিটি দখলের পাঁয়তারা চালিয়ে আসছেন। আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আব্দুল হামিদ ও তার লোকজন জমিতে ঢুকে সাড়ে ৫০০ কলাগাছ কেটে ফেলেছে। এ বিষয়ে আব্দুল হামিদ বলেন, আমরা কলাগাছ কাটিনি। কে বা কারা কেটেছে আমি জানি না।
ফুলবাড়ী থানার ওসি ফজলুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে প্রাথমিক তদন্ত করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।