শ্রীলঙ্কা সফরের দল থেকে বাদ পড়ার কথা নিজে জানিয়েছিলেন রুমানা আহমেদ। সরাসরি জানান তাকে বিশ্রাম নয় বাদ দেওয়া হয়েছে। নারী দলকে আগে নেতৃত্ব দেওয়া স্পিনিং অলরাউন্ডারের এই আচরণ সহজভাবে নেয়নি বিসিবি। বোর্ড থেকে জানিয়ে দেওয়া হয়েছে এমন মন্তব্যের জন্য বোর্ডের শৃঙ্খলা বিধিমালা ভঙ্গের দায়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে রুমানার বিরুদ্ধে। তবে প্রথমবার বোর্ডের বিরুদ্ধে বলায় আপাতত শাস্তির কবলে পড়তে হচ্ছে না রুমানাকে। এই ক্রিকেটারকে শুধুই সতর্ক করে দেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবি নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদের। কিছু অভিজ্ঞ ক্রিকেটারকে বসিয়ে নতুনদের সুযোগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
আজ শ্রীলঙ্কার উদ্দেশ্যে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে যাবে বাংলাদেশ নারী দল। এর মধ্যে ওয়ানডে সিরিজটি আইসিসির ওমেনস চ্যাম্পিয়নশিপের অংশ। এই সফরের জন্য গত ১৮ এপ্রিল ১৬ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। রুমানা ছাড়াও বাদ পড়েছেন শারমিন আকতার, সালমা খাতুন, মারুফা আকতার, দিলারা আকতার।