ব্রাহ্মণবাড়িয়ার খ্রিস্টিয়ান মেমোরিয়াল হাসপাতালের অপারেশন থিয়েটার থেকে নবজাতক গায়েব করে দেওয়া হয়েছে উল্লেখ করে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলাটি করেন নবীনগর পৌর এলাকার আলীয়াবাদের ফরহাদ আহমেদ।
মামলায় আসামি করা হয়েছে খ্রিস্টিয়ান মেমোরিয়াল হাসপাতালের মালিক ডা. ডিউক চৌধুরী, গাইনি ও সার্জন ডা. নওরিন পারভেজ, ডা. ইসরাত আহমেদ, হাসপাতালের কো-অর্ডিনেটর মার্শাল চৌধুরী, নার্স স্নেহলতা ও অপারেশন টিম সদস্য অথৈ মন্ডলকে।
এজাহারের ভাষ্য অনুযায়ী, মামলার বাদী ফরহাদ আহমেদের স্ত্রীর গর্ভে দুটি সন্তান রয়েছে বলে আল্ট্রাসনোগ্রাফিতে উল্লেখ থাকলেও গত শুক্রবার হাসপাতালে অপারেশনের পর তাদের হাতে তুলে দেওয়া হয় একটি মেয়ে নবজাতক। ফরহাদ আহমেদ বলেন, ‘আমার আরেক সন্তান গেল কোথায়? সন্তানকে ফিরে পাওয়ার আশায় আমরা এখনো (গতকাল মঙ্গলবার) বিভিন্ন হুমকি-ধমকি মাথায় নিয়ে খ্রিস্টিয়ান মেমোরিয়াল হাসপাতালে অবস্থান করছি।’
জানতে চাইলে খ্রিষ্টিয়ান মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসক নওরিন পারভেজ বলেন, ‘আমিও দুই জায়গায় হার্টবিট পেয়েছিলাম। অনেক সময় আমাদের দেখা এবং অনুমানে ভুল হতে পারে। তবে গর্ভে একটি সন্তানই পাওয়া গেছে।’
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি এমরানুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টির তদন্ত চলছে।