ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেনের সবগুলো বগি উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার প্রায় ২৫ ঘণ্টা পর গতকাল শুক্রবার বিকেল ৪টা ৫ মিনিটে শেষ বগিটি উদ্ধার করে ট্রেনটিকে লাইনে দাঁড় করাতে সক্ষম হয় উদ্ধারকারী দল। তবে রেললাইন এখনো ট্রেন চলাচলের উপযোগী হয়নি। এদিকে এ দুর্ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে গতকাল নিশ্চিত করেছেন রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা মো. আমিনুল হক। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
গত বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের দাড়িয়াপুর এলাকায় তীব্র গরমে রেল লাইন বেঁকে গিয়ে মালবাহী ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম গতকাল সন্ধ্যা ৬টার দিকে বলেন, বৃহস্পতিবার দুপুরের পর থেকে ট্রেনের বগিগুলো উদ্ধার কাজ শুরু হয়। কিন্তু এখন পর্যন্ত লাইন ট্রেন চলাচলের উপযোগী করা সম্ভব হয়নি। জটিল সমস্যার কারণে সময় বেশি লাগছে।