ব্যয় বৃদ্ধির চাপে ৩৩ শতাংশ মুনাফা হারিয়েছে রেনেটা

পণ্য বিক্রিতে প্রবৃদ্ধি থাকলেও ব্যয় বৃদ্ধির চাপে মুনাফা কমে গেছে দেশের শীর্ষস্থানীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান রেনেটা লিমিটেডের। চলতি হিসাববছরের নয় মাসে (জুলাই-মার্চ) কোম্পানিটির মুনাফা কমেছে ৩৩ শতাংশের বেশি। মূলত প্রশাসনিক, বিক্রি ও বিতরণজনিত ব্যয় বাড়ায় কোম্পানিটির মুনাফা সংকুচিত হয়েছে। গতকাল শনিবার প্রকাশিত রেনেটার অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় এমন তথ্য মিলেছে।

চলতি হিসাব বছরের নয় মাসে পণ্য বিক্রি থেকে রেনেটার সমন্বিত আয় হয়েছে ২ হাজার ৪৩৯ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৮ দশমিক ৭ শতাংশ বেশি। তবে এ সময় উৎপাদন ব্যয় কিছুটা বাড়লেও প্রশাসনিক, বিক্রি ও বিতরণজনিত ব্যয় অস্বাভাবিক বাড়ায় কোম্পানির নিট মুনাফা আগের বছরের তুলনায় অনেকটা কমে গেছে। চলতি হিসাব বছরে রেনেটার উৎপাদন ব্যয় বেড়েছে ১১ শতাংশ। তবে এ সময় প্রশাসনিক, বিক্রি, বিতরণ ও মার্কেটিং ব্যয় বেড়েছে ৩৭ শতাংশ। কোম্পানির মুনাফা কমে যাওয়ার এটিই প্রধান কারণ।

চলতি হিসাব বছরের নয় মাসে প্রশাসনিক, বিক্রি, বিতরণ ও মার্কেটিং বাবদ ব্যয় হয়েছে ৭২৯ কোটি ৫৫ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৫৩২ কোটি টাকা। চলতি হিসাব বছরে রেনেটার আর্থিক ব্যয়ও উল্লেযোগ্য হারে বেড়েছে। এ সময় সমন্বিত আর্থিক ব্যয় দাঁড়িয়েছে ৮৩ কোটি ৯১ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৯ কোটি ৪২ লাখ টাকা। মুনাফায় কর্মীর হিস্যা ও কর পরিশোধের পর চলতি হিসাব বছরের নয় মাসে রেনেটার নিট মুনাফা দাঁড়িয়েছে ২৬৮ কোটি ৯৭ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪০৫ কোটি ৯৩ লাখ টাকা।