আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশ আইনে চলে। আইন অনুযায়ী শর্তসাপেক্ষে খালেদা জিয়াকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। আদালত তাকে দণ্ড দিয়েছে। আইন অনুযায়ী বিদেশে গিয়ে চিকিৎসার কোনো সুযোগ নেই। এতে আদালত অবমাননা হবে। আমি যতটুকু জানি তার সামান্য জ্বর হয়েছে। দুদিন হাসপাতালে থাকবেন, তারপর বাসায় চলে যাবেন।
খালেদা জিয়াকে বিদেশ না পাঠালে তার জীবন সংকটাপন্ন হবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরে এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় গতকাল শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পানিয়ারূপ গ্রামে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মন্ত্রী।
ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের বিষয়ে আনিসুল হক বলেন, ‘আলাপ-আলোচনার মাধ্যমে আগামী নির্বাচনের আগেই ডিজিটাল নিরাপত্তা আইনে সংশোধনী আনা হবে।’
কূটনৈতিক মহল ও দেশের বিশিষ্টজনরা আগামী সংসদ নির্বাচনের বিষয়ে সংলাপে বসার কথা বলছেন, অন্যথায় আগামী সংসদ নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু হবে না এমন আশঙ্কা নাকচ করে আইনমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে দিয়েছেন আলোচনার প্রয়োজন নেই। সাংবিধানিকভাবে যথাসময়ে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।’
পরে বিকেলে আইনমন্ত্রী কায়েমপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত জনসভায় ইউনিয়নবাসীর দাবির মুখে আগামী সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন চাওয়ার অঙ্গীকার করেন।
কায়েমপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ জাকির হোসেনের সভাপতিত্বে শিক্ষক নেতা মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, সাবেক উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন ভূঁইয়া বকুল, সাবেক পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, জেলা পরিষদ সদস্য এম এ আজিজ ও কায়েমপুর ইউনিয়ন চেয়ারম্যান ইকতিয়ার আলম রনি।
এ সময় বিশেষ অতিথি ছিলেন কসবার পৌর মেয়র গোলাম হাক্কানী, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিসুল হক ভূঁইয়া ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী মো. আজহারুল ইসলাম। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিএনপি জিয়া হত্যার বিচার করতে পারেনি : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বিএনপি জিয়াউর রহমানের হত্যার বিচার এখনো করতে পারেনি। তারা আবার আইনের শাসনের কথা বলে।’ গতকাল আখাউড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, ‘বিএনপি যে বক্তৃতা দিতে পারছে, এই কথাগুলো বলতে পারছে এটাই গণতন্ত্র। আমরা তো তাদের বাধা দিচ্ছি না। আমরা তাদের কথা বলতে দিচ্ছি।’