‘বিএনপি কোনো কৌশলেই আসন্ন সিটি নির্বাচনে অংশ নিচ্ছে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আমরা খুব পরিষ্কার করে বলে দিয়েছি যে, কোনোভাবেই স্থানীয় সরকারের নির্বাচনে আমরা যাচ্ছি না। বিশেষ করে সিটি করপোরেশন নির্বাচনে মেয়র নির্বাচনই বলুন আর কমিশনার নির্বাচনই বলুন আমাদের দলের কোনো অংশগ্রহণ থাকবে না।’
গতকাল শনিবার সকালে শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ শেষে তিনি সাংবদিকদের এসব কথা বলেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সভাপতি এস এম জিলানি ও সাধারণ সম্পাদক রাজিব আহসানের নেতৃত্বে কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল বলেন, ‘গত ২৭ এপ্রিল চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচনে মাত্র ১৪ শতাংশ মানুষ ভোট দিতে গেছে। কারণ জনগণ এবং গোটা বিশ্ব বুঝে গেছে এই সরকার ক্ষমতায় থাকলে কোনো দিনই কোনো সুষ্ঠু নির্বাচন হবে না। তাই ওই আসনের উপনির্বাচনে বৃহত্তর জনগণ ভোট দিতে যায়নি।’
এ সময় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলসহ নবগঠিত কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি ইয়াছিন আলী, সভাপতি ফখরুল ইসলাম রবিন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। গত ২০ এপ্রিল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ২১৩ সদস্যের কমিটির অনুমোদন দেয় বিএনপি।