গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি মেনে চলতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে সতর্ক করে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম গত বৃহস্পতিবার মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ সানোয়ার হোসেন বরাবর চিঠিটি পাঠানো হয়।
রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘একটি সূত্রে অবহিত হয়েছি, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক মহোদয় ২৯ এপ্রিল গাজীপুর সিটি করপোরেশন এলাকায় কতিপয় কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আগমন করবেন। সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬-এর বিধি ২২-এ উল্লেখ করা হয়েছে যে সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি ও সরকারি কর্মকর্তা বা কর্মচারী নির্বাচনপূর্ব সময়ে নির্বাচনী এলাকায় প্রচারণা বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না। তবে শর্ত থাকে যে ওই ধরনের ব্যক্তি সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ভোটার হলে তিনি কেবল তার ভোট দেওয়ার জন্য কেন্দ্রে যেতে পারবেন।’
চিঠিতে আরও বলা হয়, ‘উক্ত বিধিমালার সংজ্ঞায় “সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি” অর্থ প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, সরকারের মন্ত্রী, চিফ হুইপ, ডেপুটি স্পিকার, বিরোধীদলীয় নেতা, সংসদ উপনেতা, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী বা তাদের সমপদমর্যাদার কোনো ব্যক্তি, সংসদ সদস্য এবং সিটি করপোরেশনের মেয়রকে বোঝানো হয়েছে। বিষয়টি মাননীয় মন্ত্রী মহোদয়কে সদয় অবগত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।’
এদিকে ইসির সতর্কতামূলক এই চিঠি ইস্যুর পরদিনই শুক্রবার সন্ধ্যায় গাজীপুর শহরে দলীয় একটি কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, ‘নৌকা থেকে যারা নেমে যায়, রাজনৈতিকভাবে তারা হারিয়ে যায়। কাজেই দলের সঙ্গে থাকাটাই বুদ্ধিমানের কাজ।’ তেলিপাড়া এলাকার সাগর সৈকত কনভেনশন সেন্টারে বাসন থানা আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত যৌথ কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলমের গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হওয়াকে ইঙ্গিত করে তিনি এমন কথা বলেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংসদ সদস্য শামসুন্নাহার, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও গাজীপুর সিটি নির্বাচনে মেয়র প্রার্থী আজমত উল্লা খান, গাজীপুর সিটির ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ প্রমুখ উপস্থিত ছিলেন।
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হচ্ছে : গাজীপুর সিটি নির্বাচনে নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী আতাউর রহমান। সাংবাদিকদের কাছে অভিযোগ করে তিনি বলেছেন, ‘আমরা নির্ধারিত সংখ্যক লোকবল নিয়ে মনোনয়নপত্র জমা দিতে গেলেও আমাদের আচরণবিধি মেনে চলতে সতর্ক করেন রিটার্নিং কর্মকর্তা। অথচ অন্যান্য দলের প্রার্থীরা মিছিল, শোডাউন এবং দলীয় কর্মিসভার আড়ালে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সে ক্ষেত্রে তাদের কোনো শোকজ করা হয়নি। এতে আমরা শঙ্কিত নির্বাচন আদৌ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কি না? নির্বাচন কমিশনকে সবার ক্ষেত্রে সমান দৃষ্টি রাখার অনুরোধ জানাই।’
তবে রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম বলেছেন, ‘আচরণবিধি ভঙ্গের বিষয়ে কেউ লিখিত অভিযোগ করলে আমরা সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।’