দুর্নীতি নিয়ে বঙ্গবন্ধুর ভাষণ পাঠ্যবইতে অন্তর্ভুক্তিতে রুল

দুর্নীতির বিরুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ভাষণগুলো পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির প্রশ্নে রুল দিয়েছে উচ্চ আদালত। ভাষণগুলো  শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ট্রেনিং সেন্টারের সিলেবাসে অন্তর্ভুক্ত করতে কেন নির্দেশ দেওয়া হবে না রুলে তা জানতে চেয়েছে হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ রুল দেয়।

মন্ত্রিপরিষদ সচিব, শিক্ষা সচিব, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছে আদালত। একই সঙ্গে বঙ্গবন্ধুর এসব ভাষণ ও বক্তব্যের অডিও-ভিডিও এক মাসের মধ্যে দাখিল করতে শিক্ষা মন্ত্রণালয় ও আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছে

হাইকোর্ট। এ বিষয়ে আদালত পরবর্তী শুনানি ও আদেশের জন্য আগামী ৪ জুন ধার্য রেখেছে।

আদালতে এ সময় উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মো. খুরশীদ আলম খান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আইনজীবী ইমাম হাছান।