বাড়ি ফেরার পথে কুপিয়ে হত্যা স্কুলছাত্রীকে

নেত্রকোনার বারহাট্টায় এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে এক বখাটে। গতকাল দুপুরে উপজেলার প্রেমনগর ছালিপুরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুক্তি বর্মণ (১৬) ওই গ্রামের নিখিল বর্মণের মেয়ে এবং প্রেমনগর ছালিপুরা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। আর অভিযুক্ত কাউছার মিয়া (২১) একই গ্রামের সামছু মিয়ার ছেলে। গতকাল রাত ৮টা অবধি তাকে আটক করতে পারেনি পুলিশ।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, স্কুলে যাতায়াতের পথে কাউছার প্রায়ই তাকে উত্ত্যক্ত করত। বিষয়টি কাউছারের পরিবারকেও জানানো হয়েছিল। গতকাল বিদ্যালয় থেকে ফেরার পথে মুক্তিকে কুপিয়ে আহত করেন কাউছার। পরে তাকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকেরা নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠান। সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

মুক্তি বর্মণের সহপাঠীরা জানায়, বেলা পৌনে ৩টার দিকে বিদ্যালয় থেকে তারা একসঙ্গে বাড়িতে ফিরছিল। ছালিপুরা এলাকায় পৌঁছানোর পর হঠাৎ কাউছার দা দিয়ে মুক্তিকে কোপাতে শুরু করে। এ সময় তারা ভয় পেয়ে দৌড় দেয় এবং চিৎকার করতে শুরু করে। স্থানীয় লোকজন এসে মুক্তিকে উদ্ধার করে বারহাট্টা হাসপাতালে নিয়ে যান।

বারহাট্টা থানার ওসি খোকন কুমার সাহা জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা অব্যাহত আছে।