চোরাই মোটর সাইকেলসহ গ্রেপ্তার ৩

ফরিদপুরে ৬টি মোটরসাইকেলসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- ফরিদপুর শহরের বায়তুল আমান এলাকার রিয়াজুল ইসলাম (২৬), শহরের কমলাপুর এলাকার ১৭ বয়সী এক কিশোর ও দক্ষিণ ঝিলটুলী এলাকার আবদুল্লাহ আল মামুন (২১)।

আজ বুধবার ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুর শহরের রিয়াজুল ইসলামের মোটর সাইকেল গ্যারেজ ও শহরের টেপাখোলা বেড়িবাঁধ এলাকার অর্জুনের গ্যারেজে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, গ্রেপ্তাররা বিভিন্ন স্থান হতে চোরাই মোটর সাইকেল কম দামে ক্রয় করতেন। পরবর্তী তাদের নিজস্ব গ্যারেজ থেকে ইঞ্জিন ও চেসিস নম্বর বিকৃত করে বেশি দামে অন্যের নিকট বিক্রয় করতেন।