রাজৈরে বিক্ষোভ

নেতাকে মারধরের বিচার দাবিতে মহাসড়ক অবরোধ

মাদারীপুরের রাজৈরে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আবদুস সালামকে মারধরের ঘটনায় বিচারের দাবিতে গতকাল বুধবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার বৌলগ্রাম এলাকায় ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

এসময় বিক্ষুব্ধ এলাকাবাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাজৈর উপজেলা আওয়ামী লীগের আরেক অংশের যুগ্ম আহ্বায়ক ফরিদা হাসান পল্লবী ও তার ছেলেদের বিচারের দাবিতে বিভিন্ন সেøাগান দেন। মহাসড়ক অবরোধের ফলে দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রাজৈর থানার ওসি আলমগীর হোসেন বলেন, বিচারের আশ্বাসে অবরোধকারীদের ফেরত পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত।

উল্লেখ্য, রাজৈর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আবদুস সালামকে গত মঙ্গলবার দুপুরে রাজৈর উপজেলা পরিষদের ভেতরে ছাত্রলীগের নেতাকর্মীরা মারধর করে মোটরসাইকেলসহ পুকুরে ফেলে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।