অন্যতম শীর্ষ গ্লোবাল ইলেকট্রনিকস প্রতিষ্ঠান ওয়ালটনের হেডকোয়ার্টার্স পরিদর্শন করেছে ন্যাশনাল ডিফেন্স কলেজের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। বাংলাদেশ সিভিল সার্ভিস, সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যসহ প্রতিনিধিদলে ছিলেন এনডি কোর্সের মিসর, ভারত, ইন্দোনেশিয়াসহ ১৭টি দেশের শতাধিক সামরিক কর্মকর্তা। ন্যাশনাল ডিফেন্স কলেজ প্রতিনিধিদল ওয়ালটন হেডকোয়ার্টারে বিভিন্ন পণ্যের উৎপাদন কার্যক্রম ঘুরে দেখেন। গতকাল বুধবার সকালে বিমানবাহিনীর এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ কামরুল ইসলাম এবং সেনাবাহিনীর মেজর জেনারেল সৈয়দ তারেক হুসেইনের নেতৃত্বে প্রতিনিধিদলটি গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার্সে পৌঁছলে তাদের স্বাগত জানান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ভাইস চেয়ারম্যান এসএম শামছুল আলম। সে সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ইবনে ফজল শায়খুজ্জামান, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এএমডি মো. লিয়াকত আলী প্রমুখ।