বিদ্যুৎ বিল কখন দিতে হবে তা এখন আর আলাদা করে মনে রাখার প্রয়োজন পড়বে না বিকাশ গ্রাহকদের। বিকাশ অ্যাপ থেকে অটো-পে সেবা নিয়ে বিদ্যুৎ, গ্যাস, পানি ইত্যাদির মতো ইউটিলিটি সার্ভিস নেওয়া এখন বাস্তবতা। গ্রাহকদের এমন আরও অনেক সুবিধার কথা বিবেচনায় রেখে আরও সমৃদ্ধ করা হলো বিকাশ অ্যাপ। সম্প্রতি বিকাশ অ্যাপে যুক্ত হয়েছে– ইউটিলিটি বিল অটো-পে করার অপশন, ইনবক্স ও স্টেটমেন্ট থেকে লেনদেনের চার্জ দেখার পাশাপাশি লেনদেনের তথ্য সহজেই যেকোনো মাধ্যমে শেয়ার এবং লেনদেন সম্পন্ন হলে অ্যাকাউন্টের ব্যালেন্স গোপন করে কনফার্মেশন শেয়ার করার সুবিধা।
প্রতি মাসের নির্দিষ্ট প্রিপেইড বিল স্বয়ংক্রিয়ভাবে পরিশোধ হয়ে যাবে ‘অটো পে’ সেবা চালু থাকলে। ফলে নির্ধারিত তারিখে প্রিপেইড বিল পরিশোধ করতে ভুলে যাওয়া এবং ইউটিলিটি সংযোগ বিচ্ছিন্ন হওয়ার দুশ্চিন্তা দূর হলো গ্রাহকদের।
বিকাশ অ্যাপের ইনবক্স অথবা বিকাশ মেন্যুর স্টেটমেন্ট অপশনে গ্রাহক তার সর্বশেষ লেনদেনের চিত্র দেখতে পান। এখন সেখানে প্রতিটি লেনদেনের সঙ্গেই যুক্ত হয়েছে কত চার্জ খরচ হয়েছে তার রেকর্ডও। এর পাশাপাশি নতুন যোগ হয়েছে ইনবক্স থেকে ট্রানজেকশন ডিটেইলস শেয়ার করার আরও সহজ পদ্ধতি। এখন লেনদেনের পরিমাণ, সময়, ট্রানজেকশন আইডিসহ সম্পূর্ণ বিস্তারিত তথ্যই শেয়ার করা যাবে যেকোনো যোগাযোগ মাধ্যমে।
গ্রাহক চাইলে লেনদেন শেষে তার অ্যাকাউন্টের ‘নতুন ব্যালেন্স’ অংশটি গোপন রাখতে পারবেন। ফলে, কাউকে টাকা পাঠিয়ে বা পেমেন্টের পর স্ক্রিনশট পাঠাতে চাইলে এখন আর গ্রাহককে ‘ব্যবহারযোগ্য ব্যালেন্স’ মুছে ফেলার জন্য সময় নষ্ট করতে হবে না। বিজ্ঞপ্তি