কানাডায় পোশাক রপ্তানি বাড়ানোর উদ্যোগ বিজিএমইএর

কানাডায় উচ্চমূল্যের পোশাক রপ্তানি বাড়ানোর লক্ষ্য নিয়েছে দেশের পোশাকশিল্প মালিক ও রপ্তানিকারক সমিতি-বিজিএমইএ। গত ৩ মে রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার ড. লিলি নিকোলস সংগঠনের সভাপতি ফারুক হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বিজিএমইএ সভাপতি এ কথা জানান।

 বৈঠকে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম, পরিচালক ব্যারিস্টার ভিদিয়া অমৃত খান, কানাডিয়ান হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সিলর ব্র্যাডলি কোটস ও ট্রেড কমিশনার মো. কামাল উদ্দিন।  বৈঠকে বিজিএমইএ নেতারা বাংলাদেশ কীভাবে কানাডার বাজারে পোশাক রপ্তানি বিশেষ করে উচ্চমূল্যের পোশাক রপ্তানির শেয়ার বাড়াতে পারে এবং উচ্চমূল্য সংযোজিত ও নন-কটন টেক্সটাইলসহ অন্যান্য সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগ আকর্ষণ করতে পারে তা নিয়ে আলোচনা করেন।

 বৈঠকে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান রেজিলিয়েন্ট সাপ্লাই চেইন তৈরি করতে নৈতিক ক্রয় অনুশীলন এবং ন্যায্যমূল্যের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। যেখানে শ্রমিকদের অধিকার এবং কল্যাণের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়।

বিজিএমইএ সভাপতি কানাডিয়ান হাইকমিশনারকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা এবং বিশ্বে নিরাপদ ও টেকসই পোশাকের সোর্সিং হাব হিসেবে বাংলাদেশের সুনাম বৃদ্ধি ও বিশ্ববাজারে শিল্পের প্রতিযোগী সক্ষমতা বাড়াতে শিল্পের রূপকল্প ও প্রস্তুতি সম্পর্কেও অবহিত করেন।

এ বৈঠকে ফারুক হাসান বাংলাদেশের পোশাকশিল্পের ভবিষ্যৎ অগ্রাধিকারগুলো তুলে ধরেন।